২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাকা আত্মসাৎ: পবায় মাদ্রাসা শিক্ষকসহ ৩ জনকে কারাদণ্ড

শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে রাজশাহীর পবার একটি মাদ্রাসার ভারপ্রাপ্ত তত্বাবধায়কসহ তিন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2014, 07:06 PM

Updated : 22 Aug 2022, 06:34 PM

বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের কাছে টাকা আত্মসাতের অভিযোগ স্বীকার করেন পবার দারুল ইসলাম দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত তত্বাবধায়ক আব্দুল মতিন, সহকারী শিক্ষক রেজাউল করিম ও কেরানী ইসমাইল হোসেন।

আদালতের বিচারক পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ্জাকুল ইসলাম মাদ্রাসার ভারপ্রাপ্ত তত্বাবধায়ক আবদুল মতিন ও কেরানী ইসমাইল হোসেনকে ছয় মাস এবং শিক্ষক রেজাউল করিমকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

ইউএনও রাজ্জাকুল ইসলাম জানান, আত্মসাৎ করা শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা ভাগাভাগির খবর পেয়ে দুপুরে তিনি মতিহার থানার পুলিশ নিয়ে ওই মাদ্রাসায় যান।

তিনি বলেন, “মাদ্রাসার শিক্ষার্থীরা অভিযোগ করে, মঙ্গলবার মাদ্রাসার ২৮ জন শিক্ষার্থীর নামে উপবৃত্তির টাকা উঠানো হয়েছে। দশম শ্রেণির প্রত্যেক শিক্ষার্থীর নামে এক হাজার ২০ টাকা করে উঠানো হলেও তাদের ২০ টাকা করে দেয়া হয়েছে। অন্য শ্রেণির শিক্ষার্থীদের ১০০ টাকা করে দেয়া হয়।

“তাদের বলা হয়েছে বুধবার তাদের টাকা থেকে শিক্ষকদের নাস্তার জন্য টাকা কেটে রেখে দেয়া হবে।”

আগেও শিক্ষকরা এভাবে উপবৃত্তির টাকা আত্মসাৎ করেছেন বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের এই বিচারক।

অভিযুক্ত শিক্ষকরা স্বীকার করেন, ২০০০ সাল থেকে তাদের প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা উপবৃত্তি পায়। আর তারা ২০১০ সাল থেকে টাকা ভাগাভাগি করেন। নাস্তার জন্য টাকা কেটে রাখার কথাও তারা স্বীকার করেন, বলেন রাজ্জাকুল ইসলাম।