বরগুনা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনা সদর উপজেলায় প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
সরকারি ও রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টাকা দেওয়ার সময় প্রত্যেকের কাছ থেকে কমপক্ষে ২০ টাকা করে শিক্ষকরা নিচ্ছেন বলে একাধিক শিক্ষার্থী ও অভিভাবক অভিযোগ করেন।
এতে, উপজেলার ২২৪টি সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রায় সবগুলো থেকেই শিক্ষকরা কয়েক লাখ টাকা আদায় করেছেন বলে অভিযোগ উঠেছে।
সোমবার থেকে এ উপবৃত্তির টাকা বিতরণ শুরু হয়।
এ অভিযোগের সত্যতা স্বীকার করেছেন বৈঠাকাটা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবদুল জলিল।
অভিভাবক ও সেখানে উপস্থিত ব্যাংক কর্মকর্তার সামনেই টাকা নেওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, “টাকা ফেরৎ দিয়ে দেওয়া হবে।”
এ ব্যাপারে সদর উপজেলা শিক্ষা অফিসার ধীরেন্দ্র চন্দ্র শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার কাছে কোনো অভিযোগ আসেনি।
“তবে আমি বিষয়টির খোঁজ নিয়ে দেখব। এমন অভিযোগ পেলে নিয়মানুসারে ব্যবস্থা নেওয়া হবে,” বলেন তিনি।
লেখাপড়ার মান ও উপস্থিতি বৃদ্ধির লক্ষ্যে উপবৃত্তি প্রদান প্রকল্পের আওতায় উপজেলার ২২৪টি সরকারি ও নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৭ হাজার ৯৪৯ শিক্ষার্থীকে এই বৃত্তি দেওয়া হচ্ছে। প্রতি তিন মাসে প্রত্যেক শিক্ষার্থী ৩শ’ টাকা এবং একই পরিবারের দু’জন শিক্ষার্থী থাকলে ৩৭৫ টাকা হারে এ উপজেলায় ৭৬ লাখ ৮৪ হাজার টাকার বৃত্তি বরাদ্দ দেওয়া হয়েছে বলে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে জানানো হয়।
দক্ষিণ বাঁশবুনিয়ার পাঁচটি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পাঁচটি বিদ্যালয়ের দুই হাজার ৬৮ জন শিক্ষার্থীকে টাকা বিতরণ করা হচ্ছে।
মঙ্গলবার সকালে দক্ষিণ বাঁশবুনিয়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র শাহীন ও শাওন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে বলে, শিক্ষকরা তাদের মা অথবা অভিভাবককে স্বাক্ষরের সময় ২০ টাকা নিয়ে যেতে বলেছেন।
ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র শহিদুল ইসলামের অভিভাবক সাজেদা বেগম এবং কালিরতবক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী রাবেয়া আক্তারের মা শাহিনুর বেগমও জানিয়েছেন- টাকা নেওয়ার কথা।
সেখানে মঙ্গলবার সকাল ১১টার দিকে উপস্থিত শিক্ষকদের সামনেই বৃত্তির টাকা বিতরণের সময় কালিরতবক, মধ্য হেউলীবুনিয়া ও পাজরাভাঙ্গা বিদ্যালয়ের শিক্ষার্থীদের বেশ কয়েকজন অভিভাবক টাকা দিয়েছেন বলে জানান।
সেদিন দুপুরে বৈঠাকাটা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত বেশ কয়েকজন অভিভাবক ২০ টাকা করে কেটে নেওয়ার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
টাকা নেওয়াটা অবৈধ উল্লেখ করে দক্ষিণ বাঁশবুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসমাইল হোসেন বলেন, “আমাদের ভুল হয়ে গেছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৯৫৫ ঘ.
bdnews24