২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘উপবৃত্তির টাকার বদলে গাইড বই’

ফরিদপুর  সদরের  বৈঠাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা কেটে  রেখে তার বদলে একটি প্রকাশনীর গাইড বই ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2014, 05:21 PM

Updated : 22 Aug 2022, 06:25 PM

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক অভিযোগ করেন,  তিন মাসের উপবৃত্তি বাবদ শিক্ষার্থীরা ৩০০ টাকা পাওয়ার কথা। কিন্তু প্রধান শিক্ষিকা ফারুখ জীবন আরা রোজী  শিক্ষার্থীদের ৩০০ টাকার বদলে দেন ১০০ টাকা এবং আদিল ব্রাদার্স প্রকাশিত টেস্ট পেপার সাজেশন নামের একটি গাইড বই।

অভিযোগ অস্বীকার করে রোজী বলেন,  শিক্ষার্থীদের ৩০০ টাকা নগদ দেওয়া হয়েছে। তবে ওই বইটি কিনলে উপকার হবে তাদের এই পরামর্শ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজুল হক তালুকদার বলেন,  “উপবৃত্তির টাকা কাটার সুযোগ নেই। উপবৃত্তির টাকার বদলে বই ধরিয়ে দেওয়া যায় না। আমি বিষয়টি তদন্ত করে দেখব।”