২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক উপবৃত্তির অনিয়ম তদন্তে ১১ কর্মকর্তা

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে উপবৃত্তির টাকা বিতরণের অনিয়ম তদন্ত করে দায়ীদের চিহ্নিত করতে ১১ কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2016, 02:33 PM

Updated : 11 Oct 2022, 08:34 PM

পুরনো খবর:

শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ
উপবৃত্তির টাকা আত্মসাৎ, প্রধান শিক্ষক বরখাস্ত
টাকা আত্মসাৎ: পবায় মাদ্রাসা শিক্ষকসহ ৩ জনকে কারাদণ্ড
‘উপবৃত্তির টাকার বদলে গাইড বই’
উপবৃত্তির অর্থ নিতেও টাকা

২০ জেলার ২৫ উপজেলায় উপবৃত্তির টাকা বিতরণের অনিয়ম তদন্তে এসব কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

কর্মকর্তাদের ১০ কর্মদিবসের মধ্যে সরেজমিনে তদন্ত করে অনিয়মের জন্য দায়ীদের চিহ্নিত করে ভবিষ্যৎ করণীয় নির্ধারণে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন গণশিক্ষা সচিবের কাছে জমা দিতে বলা হয়েছে।

প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান প্রকল্পের (তৃতীয় পর্যায়) টাকা বিতরণে সারাদেশে ব্যাপক অনিয়মের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে।

অভিযোগ ওঠেছে, স্কুল কর্তৃপক্ষ নানা অজুহাতে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা কেটে রাখছে। এছাড়া উপবৃত্তির কার্ডে স্বাক্ষরের জন্যও অর্থ নেওয়া হচ্ছে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

দায়িত্ব পেলেন যারা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব কে এম রুহুল আমীনকে মাদারীপুরের কালকিনি, ফরিদপুরের নগরকান্দা ও শরিয়তপুরের ভেদরগঞ্জের অনিয়ম তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

উপ-সচিব নেছার আহমদ রংপুরের পীরগাছা ও বদরগঞ্জ, কুড়িগ্রামের রৌমারী, উপ-সচিব গোপাল চন্দ্র দাশ নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সিদ্দিরগঞ্জ, গোপালগঞ্জ সদর উপজেলার অনিয়ম তদন্ত করবেন।

উপ-সচিব তানভীর আহমেদ সিরাজগঞ্জের বেলকুচি, সত্যকাম সেন কুমিল্লার মুরাদনগর ও নাঙ্গলকোট, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও বাঞ্ছারামপুর উপজেলায় অনিয়ম তদন্তের দায়িত্ব পেয়েছেন ।

জ্যেষ্ঠ সহকারী সচিব রেবেকা সুলতানা জামালপুরের দেওয়ানগঞ্জ, টাঙ্গাইলের নাগরপুর, জ্যেষ্ঠ সহকারী প্রধান কাজী মোখলেছুর রহমান ময়মনসিংহের ভালুকা, ত্রিশাল, নেত্রকোণার মদন এবং সহকারী সচিব মো. রেজাউল করিম মেহেরপুর সদরের উপবৃত্তির টাকা বিতরণে অনিয়ম তদন্ত করবেন।

এছাড়া সহকারী সচিব মিজানুর রহমানকে বাগেরহাটের মোড়েলগঞ্জ, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. জাকির হোসেনকে পটুয়াখালীর বাউফল, ঝালকাঠির কাঠালিয়া, বরগুনার বেতাগী উপজেলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

পরিসংখ্যান কর্মকর্তা মো. নাসির উদ্দিন খান সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অনিয়ম তদন্তের দায়িত্ব পেয়েছেন।

প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ৫০ টাকা ও প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ১০০ টাকা করে উপবৃত্তি দেওয়া হচ্ছে। বর্তমানে প্রাথমিকের শতভাগ শিক্ষার্থীকে উপবৃত্তির আওতায় আনা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০১৪-১৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট শিক্ষার্থী এক কোটি ৯৫ লাখ ৫২ হাজার ৯৭৯ জন। আর প্রাক-প্রাথমিকে পড়ছে ৩০ লাখ ৮৮ হাজার ৪৬০ জন।