শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ
মাগুরায় দুই স্কুলশিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
সদর উপজেলার মির্জাপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফুরকান আলী ও আরেক শিক্ষক ফিরোজ হোসেনের বিরুদ্ধে এ অভিযোগ করে শিক্ষার্থীরা।
তবে কর্তৃপক্ষ বলছে, ঈদের ছুটির পর তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
স্কুলটির নবম শ্রেণির এক শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, “উপবৃত্তির তালিকায় নাম যাওয়ার জন্য ফিরোজ স্যার একশত টাকা নিয়েছিলেন। কিন্তু পরে দেখি নাম নেই।
“পরে হেড স্যার ফুরকান আলী ও ফিরোজ স্যার মিলে বিয়ে ও স্কুলে ছেড়ে যাওয়া অন্য মেয়ের নামের স্থানে আমাকে দিয়ে স্বাক্ষর করিয়ে এক হাজার ৮০ টাকা করে তুলেছেন। আমাকে দিয়েছে ৫০০ টাকা।”
এছাড়া স্কুল কমিটিকে না জানিয়ে উপবৃত্তি পাওয়া সব ছাত্রীকে ‘রুমে আটকিয়ে কোচিংয়ের কথা বলে ২০০ করে টাকা’ কেটে রেখেছে দাবি করে সপ্তম ও নবম শ্রেনির তিন শিক্ষার্থী ফেরদৌসি ।
কোচিংয়ের নামে ১৫৬ ছাত্রীর কাছ থেকে ২০০ টাকা করে ও বিবাহিত এবং অন্য স্কুলে চলে যাওয়া ১৬ ছাত্রীর নামে বরাদ্দ উপবৃত্তির টাকা ওই শিক্ষক তুলে নিয়েছে বলে অভিযোগ তুলেছে আরও দশ শিক্ষার্থী।
সদরের মিজাপুর গ্রামের হাসি বেগম নামে এক ছাত্রীর মা বলেন, “আমার মেয়েকে সই করিয়েও টাকা দেয়নি। এমনকি শাহেলা নামে এক প্রতিবন্ধীর টাকা তুলেও মেরে খেয়েছে ওই দুই শিক্ষক।”
উপবৃত্তির টাকার বিষয়ে কোনো মন্তব্য না করে প্রধান শিক্ষক ফুরকান আলী বলেন, “কোচিং-এর জন্য টাকা নিতে স্কুল কমিটিকে জানাতে হয় তা আমার জানা ছিল না।”
অপর শিক্ষক ফিরোজের প্রতিবেদকে করে বলেন, “উপবৃত্তির বিষয়ের সংবাদটি আজ ছাড়ার দরকার নেই। দেখা করে ব্যবস্থা করছি।”
অভিযোগের বিষয়ে ঈদের পর তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মন্জুরুল ইসলাম জানান।
একই কথা বলেন মাগুরা সদর উপজেলা উপজেলা শিক্ষা কর্মকর্তা মালা রানী বিশ্বাস।
