আমি সরকারপ্রধান, অমূলক কথা বলি না: প্রধানমন্ত্রী
দেশে জঙ্গি কর্মকাণ্ড এবং একের পর এক গুপ্তহত্যার পেছনে বিএনপি-জামায়াতের হাত থাকার যে অভিযোগ সরকার করে আসছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, “আমরা যখন কথা বলি, মনে রেখে দেবেন; কোনো অমূলক কথা বলি না। একটা কথা ভুলে গেলে চলবে না, আমি হেড অফ দি গভার্নমেন্ট। আমার কাছে নিশ্চয়ই তথ্য আছে।”
সাম্প্রতিক তিন দেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরতে বুধবার গণভবনে সাংবাদিকদের সামনে এসে গুপ্তহত্যাসহ বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর দেন সরকারপ্রধান।
একটি টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী সম্পাদক প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, যারা ‘পেট্রোল বোমা দিয়ে মানুষ মেরেছে, তারাই গুপ্তহত্যা করছে’ বলে যে অভিযোগ সরকারপ্রধান করে আসছেন, তা ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে নাগরিক সমাজের কারও কারও ধারণা।
“তারা মনে করেন, এই কারণে জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্তরা রক্ষা পেয়ে যাচ্ছে। পুলিশ সব সময় রাজনৈতিক অপরাধী খুঁজতে থাকে, আসল অপরাধীরা পার পেয়ে যায়।”
জবাবে প্রধানমন্ত্রী বলেন, “তদন্তের স্বার্থে সব কথা হয়তো প্রচার করা যাবে না, বলা যাবে না, প্রকাশ করা যাবে না। কিন্তু সূত্রটা জানা যায়। আমরা সূত্র ধরেই কথা বলি।”
যারা সরকারের অভিযোগকে ‘রাজনৈতিক বক্তব্য’ মনে করেন, তারা যদি জানেন যে সন্ত্রাসী আসলে কারা, তাহলে সেই তথ্যটি সরকারকে দিতে বলেন শেখ হাসিনা।
সকল তথ্য যাচাই করেই জঙ্গি কর্মকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, “আমরা যখন একজন আসামি ধরি, তখন সমস্ত ক্লু ধরে, টেলিফোন নম্বর থেকে মিলিয়ে, সব কিছু মিলিয়ে একজনকে ধরি... তার পরিচয়ের সূত্রটা ধরে আমরা যোগসূত্রটা পেতে পারি।”
প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, “যারা মনে করেন, শুধুমাত্র রাজনীতিক হিসাবে বলছি, রাজনৈতিক কারণে বলছি, বাইরে জঙ্গিরা পার পেয়ে যাচ্ছে... সেই পার পেয়ে যাওয়া জঙ্গিরা কারা?
“তাদের নাম-ঠিকানা, তাদের পরিচয়টা যদি জেনে থাকেন, তাহলে দয়া করে আমাদের জানান।... তাহলে দেখবেন, জঙ্গি জঙ্গিই। সে যে দলেরই হোক, আমাদের কাছ থেকে রেহাই পাবে না।”
বিএনপি-জামায়াতের দিকে ইংগিত করে শেখ হাসিনা বলেন, “যারাই এ ধরনের জঙ্গি ঘটনা বাংলাদেশে ঘটিয়েছে, কোনো না কোনোভাবে তাদের সঙ্গে এদের যোগসূত্র রয়েছে। অন্তত এই রাজনৈতিক দলের সঙ্গে তো যোগসূত্র আছে।”
যারা বিএনপি-জামায়াতকে ‘বাঁচাতে বা রক্ষা করতে’ চায়, বা তাদের অপকর্ম ‘ঢাকতে’ চায়, তারাই জঙ্গি দমন নিয়ে প্রশ্ন করছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “কারা যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানিয়েছে?... যারা খুনিদের দূতাবাসে চাকরি দিয়ে পুনর্বাসিত করে, তাদের সম্পর্কে ভালো ধারণা করার কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না।”
যুদ্ধাপরাধ মামলার রায় কার্যকর করা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের সাম্প্রতিক ‘নাক গলানোর’ ঘটনায় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে একজন জানতে চান, সরকার পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বিষয়টি পুনর্মূল্যায়ন করবে কি না।
এর উত্তরে প্রধানমন্ত্রী বলেন, তিনি কারও সঙ্গে সম্পর্ক ছিন্ন করায় বিশ্বাসী নন।
সৌদি আরবের সঙ্গে সন্ত্রাসবিরোধী সামরিক জোটে বাংলাদেশের যোগ দেওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের সন্ত্রাসবিরোধী অবস্থান অত্যন্ত সৃদৃঢ়। যারাই, পৃথিবীর যে দেশই সন্ত্রাসবিরোধী অবস্থান নেবে, আমরা তাদের সাথে আছি। আমরা সহায়তা দেব।”
জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “আমরা এটা কখনোই মেনে নেব না। আর এ ধরনের পরিকল্পনা বাংলাদেশে স্থান পাবে না।”
প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফরে বিভিন্ন দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানরা তার প্রশংসা করলেও সেসব দেশের রাষ্ট্রদূতরা কেন বাংলাদেশে সরকারের সমালোচনা করছে- তা জানতে চান একজন।
জবাবে শেখ হাসিনা বলেন, “এখানে যা কিছু বলে, এর জন্য আমাদের নিজেদের লোকরাই দায়ী। অ্যাম্বেসিতে যারা কোনো পার্টিতে যান, দু’চার... বেতালা হয়ে নানা কথা বলা শুরু করে দেন।”
তার ভাষায়, পরচর্চা, ঘরের কথা পরকে বলা, নিজের নিন্দা করা- এসব বিষয় বাঙালির ‘স্বভাবজাত’।
“এমনকি নিজের সন্তানের প্রশংসাও করতে পারে না; এ রকম দৈন্যও দেখা যায়”
বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে ‘সংযত হয়ে’ কথা বলার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। কিন্তু আমাদের নিজের থেকে কেউ যদি বদনাম করেন.. এই চরিত্র বদলাতে হবে।”
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রী উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়া আলম মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের আরও খবর
