২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুপ্তহত্যা বন্ধে চেতনা জাগাতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধে নাশকতা ঠেকাতে মানুষ যেভাবে এগিয়ে এসেছিল, সেভাবে সাম্প্রতিক গুপ্তহত্যা বন্ধে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2016, 02:55 PM

Updated : 11 Oct 2022, 08:20 PM

পুরনো খবর:

জঙ্গি দমনে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান খালেদার
বাংলাদেশে হত্যা: সরকারি ভাষ্যের সঙ্গে ‘একমত নয়’ যুক্তরাজ্য

তিনি বলেছেন, “যারা সত্যিকারের ধর্মে বিশ্বাসী, সবাইকে আহ্বান জানাব, তাদের পরিবারের কোনো সদস্য জঙ্গিবাদের পথে যাচ্ছে কি না, সেটা দেখাও তাদের কর্তব্য। মানুষের মধ্যে এই চেতনাটা জাগ্রত করতে হবে।”

সাম্প্রতিক তিন দেশ সফরের অর্জন তুলে ধরতে বুধবার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নে এ বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরের সময় পুলিশের এক কর্মকর্তার স্ত্রীসহ কয়েকজন হত্যাকাণ্ডের স্বীকার হন, যেসব হামলার ধরন ইতোপূর্বেকার জঙ্গি হামলার মতোই। 

শেখ হাসিনা বলেন, বাংলাদেশের ‘ভাবমূর্তি নষ্ট’ এবং ‘অগ্রগতি ব্যাহত করার জন্যই’ একের পর এক গুপ্তহত্যা ঘটানো হচ্ছে।

“বাংলাদেশ এগিয়ে যাক, যারা তা চায়নি, তাদেরই একটা নীল নকশা এটা। সেই নীল নকশা তারা কায়েম করার চেষ্টা করে যাচ্ছ।”

বিভিন্ন নামে হলেও হত্যাকাণ্ডের প্রক্রিয়ায় একই রকম মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, “যারা প্রকাশ্য দিবালোকে পুড়িয়ে মানুষ মারতে পারে, তারাই আছে এর সঙ্গে।

“প্রকাশ্যে আগে মানুষ হত্যা করতে যেয়ে তারা দেখল, জনগণের রুদ্ররোষের শিকার হন। এখন তারা কৌশল পরিবর্তন করে গুপ্তহত্যা শুরু করেছে। এমন এমন মানুষকে হত্যা করা হচ্ছে, যাতে বিশ্বব্যাপী একটা তোলপাড় শুরু হয়, ভয়ভীতি সৃষ্টি হয়।”

গত এক বছরে দুজন বিদেশি ছাড়াও আক্রান্ত হন লেখক,প্রকাশক, ব্লগার, সমকামী অধিকারকর্মী, মুসলিমদের শিয়া ও আহমদিয়া সম্প্রদায়, হিন্দু পুরোহিত, বৌদ্ধ ভিক্ষু ও খ্রিস্টান ধর্মযাজক।

এই গুপ্তহত্যাকারীদের খুঁজে বের করতে, তারা কোথায় বসে পরিকল্পনা করে- সেই তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে সরবরাহ করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

দেশের মানুষ সচেতন হলে গুপ্তহত্যাকারীরা সেই ‘নীল নকশা’ আর বাস্তবায়ন করতে পারবে না, বলেন তিনি। একইসঙ্গে সরকারের তৎপরতা তুলে ধরে তিনি বলেন, “সরকার কিন্তু বসে নেই। আমাদের যা যা করণীয়, আমরা কিন্তু করে যাচ্ছি। গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সবাই এ ব্যাপারে যথেষ্ট তৎপর।

“ইতোমধ্যে অনেকগুলো ঘটনায় দোষিরা ধরা পড়েছে। যারাই এ ঘটনা ঘটাচ্ছে, আমরা তাদের ধরতে সক্ষম হচ্ছি।”

এসব হত্যাকাণ্ডের অধিকাংশে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএস ও আল কায়দার নামে দায় স্বীকারের বার্তা এলেও সরকার তা নাকচ করে বলছে, স্থানীয় জঙ্গিরাই এসব হত্যাকাণ্ড ঘটাচ্ছে।  

ইসলামের নামে এসব হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে শেখ হাসিনা বলেন, “কাউকে হত্যা করার অধিকার কারও নেই। মাত্র ক্ষুদ্র গোষ্ঠীর জন্য আজকে মুসলিম আজ অন্যদের কাছে হেয় হচ্ছে।

“সত্যিকারে যারা ইসলামে বিশ্বাসী, মসজিদের ইমাম, ইসলাম প্রচার করে এবং অভিভাবকবৃন্দসহ সকলকে আহ্বান জানাব, তাদের পরিবারের সদস্যরা এই ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদী কর্মকাণ্ডের দিকে যাচ্ছে কি-না,  এটা যেন তারা দেখে; একইভাবে মানুষের মাঝে সেই চেতনাও জাগ্রত করতে হবে।”