২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি দমনে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান খালেদার

সাম্প্রতিক হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে খালেদা জিয়া বলেছেন, সরকার জঙ্গি তৎপরতা দমন না করে বিরোধীদের উপর দায় চাপানোতে ব্যস্ত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2016, 09:48 PM

Updated : 20 Aug 2022, 12:54 PM

সোমবার এক বিবৃতিতে তিনি এই অভিযোগ করেন।

সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে খালেদা বলেন, “চারিদিকে ভয়, শঙ্কা আর আতঙ্ক নিয়ে দেশের মানুষ এখন অনিশ্চিত জীবনযাপন করছে। সরকার বন্য প্রতিহিংসার আক্রোশে জঙ্গিদের তৎপরতা দমন করার পরিবর্তে বিরোধী দলের উপর দায় চাপিয়েই দায়িত্ব সমাপ্তি ঘটালেও নিজেরা কলঙ্কমুক্ত হতে পারছে  না।”

রোববার চট্টগ্রামে এক পুলিশ কর্মকর্তার স্ত্রী এবং নাটোরে খ্রিস্টান মুদি দোকানিকে হত্যা করা হয়।

এই ঘটনা দুটি টেনে বিএনপি চেয়ারপারসন বলেন, “দেশে শুরু হয়েছে সিরিয়াল কিলিং। অবস্থাদৃষ্টে মনে হয়, দেশে যেন প্রতিমুহূর্তে গোরস্থানের পরিসরই বিস্তৃত হচ্ছে।”

“এই হত্যা বর্বর, অমানবিক, পশুপ্রবৃত্তির সামিল। মানবতা বোধশূন্য এই অন্ধ হিংস্রতা মানুষের বিবেককে দারণভাবে নাড়া দিয়েছে। আমি অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

সরকার ‘প্রকৃত দুষ্কৃতকারীদের অনুসন্ধান করে গ্রেপ্তার করার পরিবর্তে বিভ্রান্তমূলক কথাবার্তা ছড়াচ্ছে’ বলেও অভিযোগ করেন তিনি।

খালেদা বলেন, “এই সুযোগে জঙ্গিরা আরও বেশি শক্তিশালী হওয়ার সুযোগ পাচ্ছে। তারা প্রকাশ্য দিবালোকে নির্ভয়ে হত্যাকাণ্ড সংঘটিত করছে, অথচ ক্ষমতাবিলাসী সরকার নিশ্চিন্তে এগুলোকে আমলেই নিচ্ছে না।”

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

“এই অবস্থা থেকে উত্তরণে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে না পারলে জাতি হিসেবে অস্তিত্ব বিপন্ন হবে।”