২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন এভাবে হোক, তা চাইনি: প্রধানমন্ত্রী

ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোলোযোগ ও প্রাণহানীর ঘটনাকে ‘অগ্রহণযোগ্য ও অনভিপ্রেত’ হিসেবে বর্ণনা করে আগামীতে ‘যথাযথ ব্যবস্থা’ নেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2016, 07:12 PM

Updated : 20 Aug 2022, 12:55 PM

তিনি বলেছেন, “এটা ঠিক, আমরা চাইনি ইউনিয়ন পরিষদ নির্বাচন এভাবে হোক।”

পাশাপাশি বিগত বিভিন্ন নির্বাচনে সহিংসতা ও গোলযোগের খতিয়ান তুলে ধরে শেখ হাসিনা বলেছেন, এর চেয়ে বেশি সহিংসতাও অতীতে হয়েছে।

দেশের চার হাজার ৫৫৫ ইউনিয়ন পরিষদের মধ্যে ছয় ধাপে চার হাজার ৮৫ ইউপির ভোট শেষ হয়েছে গত ৪ জুন।

তফসিল ঘোষণার পর থেকে ভোট ঘিরে সংঘাত সহিংসতায় শতাধিক মানুষের মৃত্যু হওয়ায় নির্বাচন কমিশনের পাশাপাশি দলীয় প্রতীকে ভোটের সিদ্ধান্তও সমালোচনায় পড়েছে।

সাম্প্রতিক তিন দেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরতে বুধবার গণভবনে এক সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ইউপি নির্বাচনে সহিংসতাসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।

তিনি বলেন, “যে ঘটনা ঘটেছে, তা আমাদের কাছে গ্রহণযোগ্য না। অনভিপ্রেত। অবশ্যই আগামীতে এই ইলেকশনে যেন এভাবে গণ্ডগোল না হয়, সেজন্য আমরা যথাযথ ব্যবস্থা নেব।”

# ভোটে দেড় ডজন দল অংশ নিলেও মূল লড়াই হয়েছে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে। ছয় ধাপে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থীরা ২ হাজার ৬৭০ ইউপিতে এবং ধানের শীষের প্রার্থীরা ৩৭২ ইউপিতে জয়ী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থীরা চেয়ারম্যান হয়েছেন ৮৮০ ইউপিতে।

# ছয় ধাপে ২২০ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে তিনজন স্বতন্ত্র; বাকি সবাই ক্ষমতাসীন দলের।

# ছয় ধাপে অনিয়মের কারণে ৩৪৬টি কেন্দ্রের ভোট বন্ধ হয়েছে। এর ফলে শ’খানেক ইউপিতে চেয়ারম্যান পদে পুনরায় ভোটের প্রয়োজন পড়বে।

# গত ১১ ফেব্রুয়ারি তফসিল ঘোষণার পর ভোটের ছয়দিন ৩৮ জন ও ভোটের আগে-পরে সহিংসতায় আরও অন্তত ৬৫ জনের প্রাণহাণির তথ্য গণমাধ্যমে এসেছে। 

সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, “এই ভোটকে সবচেয়ে গোলোযোগপূর্ণ নির্বাচন বলা হচ্ছে। এখন বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেবেন?”

Image
ভোটে সংঘর্ষের এই চিত্র ব্রাহ্মণবাড়িয়ার

ভোটে সংঘর্ষের এই চিত্র ব্রাহ্মণবাড়িয়ার

জবাবে প্রধানমন্ত্রী বলেন, “নির্বাচনী গোলোযোগ বাংলাদেশে নতুন কিছু নয়।”

১৯৭৯ সাল, ১৯৮১ সাল এবং ১৯৮৬ সালের নির্বাচনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন,  “আপনারা কী সেদিনের কথা ভুলে গেছেন?

“৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারির নির্বাচনের কথা একেবারেই ভুলে গেছেন আপনারা?”

২০০৩ সালে বিএনপির সময়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রাণহানির কথাও ‘মনে করে দেখার’ পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

“এ রকম ঘটনা তো বাংলাদেশে ঘটেছে। বরং আমরা নিয়ন্ত্রণ করে নিয়ে এসেছি। এখন সমস্ত ক্ষমতা ইলেকশন কমিশনের হাতে।”

২০০৯ সালে উপজেলা নির্বাচনের সময় তখনকার মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসের বিরুদ্ধে নির্বাচন কমিশনের মামলা করার ঘটনাও তিনি মনে করিয়ে দেন।

“ইলেকশন কমিশন যখন আওয়ামী লীগের একজন এমপির বিরুদ্ধে এফআইআর  দিতে চায়- আমরা তো বাধা দিইনি। আমি নিজে কথা বলে দেখেছি, ওই এমপির কোনো দোষ নাই।”

বিএনপির সময়ে নিয়োগ পাওয়া নির্বাচনী কর্মকর্তারা যেখানে দায়িত্বে ছিলেন, তারা সেখানে ‘গোলযোগ করিয়েছেন’ বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন।

এবার দলীয় প্রতীকে মেয়র পদের নির্বাচন হওয়ায় সংঘাত বেশি হয়েছে- এমন অভিযোগ প্রত্যাখ্যান করে শেখ হাসিনা বলেন,“প্রতীক দেওয়ায় তৃণমূল পর্যায় থেকে গণতন্ত্রের চর্চার একটা সুযোগ হয়েছে। আমরা স্থানীয় সরকারকে আরও শক্তিশালী করতে চাই। ওই পাঁচ বছর পরে নির্বাচন হবে... এভাবে গণতন্ত্র শক্তিশালী হবে না।”