২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যান্সার হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে ডিএডি তৌহিদ

পিলখানা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বিডিআরের উপ-সহকারী পরিচালক (ডিএডি) তৌহিদুল আলমকে (৫৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যিনি ক্যান্সারসহ নানা জটিলতায় ভুগছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2016, 08:00 PM

Updated : 20 Aug 2022, 12:20 PM

ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন ডিএডি তৌহিদকে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয় বলে জানান ঢাকা কেন্দ্রীয় কারাগারের সুপারিনটেন্ডেন্ট জাহাঙ্গীর কবির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “তৌহিদুল পায়ুপথে ক্যান্সারে ভুগছেন। তাকে নিয়মিত কেমো দেওয়া হয়। তাছাড়া তার শারীরিক নানা সমস্যা রয়েছে।”

কারা কর্মকর্তা জাহাঙ্গীর কবির জানান, চিকিৎসকের পরামর্শে ডিএডি তৌহিদকে বেশ কিছুদিন ধরে ক্যান্সার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। অন্যান্য চিকিৎসা দেওয়ার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি সীমান্তরক্ষী বাহিনী- বিডিআরের সদরদপ্তর পিলখানায় বিদ্রোহের ঘটনায় সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন।

এসব হত্যার ঘটনায় দায়ের মামলায় বিচারিক আদালত ২০১৩ সালের ৫ নভেম্বর মাসে বিদ্রোহী বিডিআর জওয়ানদের কথিত নেতা ডিএডি তৌহিদসহ ১৫২ আসামিকে মৃত্যুদণ্ড দেয়।

এছাড়া ১৬১ জনকে যাবজ্জীবন, ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ২৭৮ জনকে খালাস দেয় আদালত। এসব দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করে আসামিপক্ষ। 

আপিলের সর্বশেষ অবস্থা সম্পর্কে আসামিপক্ষের আইনজীবী শামীম সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আপিলের যুক্তিতর্ক শেষ হয়েছে। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের আপিলের শুনানি চলছে।

পুরনো খবর:

বিডিআর বিদ্রোহের 'নেতা' তৌহিদ গ্রেপ্তার
রক্তাক্ত বিদ্রোহের সেই দুই দিন