শাঁখারী বাজারে ‘শায়েস্তা খাঁর আমলের’ ভবন ভাঙার চেষ্টা
হেরিটেজ আইন উপেক্ষা করে পুরান ঢাকার শাঁখারী বাজারে ‘তিনশ বছরের’ প্রাচীন একটি ভবন ভাঙার চেষ্টা প্রত্নতত্ত্ব বিভাগের উদ্যোগে আপাতত বন্ধ হয়েছে।
হেরিটেজ সংরক্ষণে আন্দোলনকারীরা বলছেন, পূর্ব বাংলার মুঘল সুবেদার শায়েস্তা খাঁ আমলে বানানো কয়েকটি ভবনের মধ্যে এটিও একটি, যা সেই সময়ের স্থাপত্য রীতির একটি নিদর্শন।
হোল্ডিং নম্বর ৬৪ এ দাঁড়িয়ে থাকা এই ভবনের মালিকের নাম বাসুদেব সুর। কয়েক বছর আগে জীর্ণ ভবনটির ছাদ ভেঙে পড়লে বাসিন্দারা তা ছেড়ে চলে যান; এরপর ফাঁকাই ছিল।
গত শনিবার রাতে ভবনটি ভেঙে ফেলার উদ্যোগ নেন বাসুদেব। পেছনের দিকের কিছু অংশ ভেঙেও ফেলা হয়। এরপর প্রত্নতত্ত্ব বিভাগ খবর পেয়ে ভাঙার কাজ বন্ধ করে।
ইউএসজি এর প্রধান নির্বাহী তৈমুর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের এ অঞ্চলে যে কয়েকটি মোঘল স্থাপত্য পাওয়া যায় তার মধ্যে একটি হল এই ভবন। এত বছর পরেও ভবনটির স্থাপত্যশৈলী এতটুকু নষ্ট হয়নি। যদিও সম্ভবত ১৮৮৮ সালে টর্নেডোর পর এটি একবার সংস্কার করা হয়েছিল।”
মুঘল আমলের স্থাপত্যশৈলী সম্পর্কে জ্ঞান আহরণে ভবনটি উৎকৃষ্ট বলে মন্তব্য করেন তিনি।
“যদিও ভবনটির কাঠামো দুর্বল হয়েছে তারপরও এটি খুব সহজেই সংস্কার করা সম্ভব। ভবনটির বেশিরভাগ আর্কিওলজিক্যাল এলিমেন্ট সুরক্ষিত অবস্থাতেই আছে।”
এরই মধ্যে ‘ইতিহাসের সাক্ষী’ এই ভবন সংরক্ষণে বাহাদুর শাহ পার্কে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আরবান স্টাডি গ্রুপ।
তৈমুর ইসলাম বলেন, “এই ভবনটিকে ভাঙা একটি আইনত দণ্ডনীয়। সরকার আইন করে এ ধরনের ভবনকে সুরক্ষা দিয়েছেন। এর আগেও অনেক ভবন একইভাবে ভাঙা হয়েছে।”
২০০৯ সালে সরকারি গেজেটে প্রকাশ করে সারা দেশের ৯৩টি ভবন ও চারটি এলাকাকে হেরিটেজ হিসাবে সংরক্ষণের কথা বলা হয়। এই চারটি সংরক্ষিত এলাকার একটি হলো শাঁখারী বাজার।
শাঁখারী বাজারের ১৪২টি সংরক্ষিত (হেরিটেজ) ভবনের মধ্যে রয়েছে ৬৪ নম্বর ভবনটিও, যেগুলো ইতোমধ্যে সরকারি গ্যাজেটভুক্ত হয়েছে।
শাঁখারী বাজারকে প্রত্নতাত্ত্বিক এলাকা হিসেবে গড়ে তোলার জন্য ২০০৯ সালে এশীয় উন্নয়ন ব্যাংকের ২০ কোটি টাকায় একটি প্রকল্প চালু হয়। এর আওতায় শাঁখারী বাজারের ঝুকিপূর্ণ ভবনগুলোর সংস্কার এবং পয়ঃনিষ্কাশনসহ আধুনিক সুযোগ সুবিধার ব্যবস্থা করার কথা ছিল।
ঐতিহ্যবাহী ভবন সংরক্ষণে কাজ করা হেরিটেজ কমিটির সদস্য তৈমুর আরও বলেন, “এ ভবনগুলো প্রত্যেকটিই ঝুঁকিপূর্ণ, সরকার যেহতু এগুলো সংরক্ষিত বলে তালিকা করেছে, তাদেরই উচিত ভবনগুলো সংস্কার করে দেওয়া। কেউ ক্ষতিপুরণ চাইলে তার ব্যবস্থা করা, না হলে একটি ভবনও বাঁচানো যাবে না।”
“ইতিহাস জানার জন্য এই ভবনগুলোর গুরুত্ব অপরিসীম। সরকার পর্যটনের বিকাশের কথা বলছে, সে হিসেবেও এগুলোর গুরুত্ব রয়েছে। প্রতিটি উৎসবে আমরা দেখি কী পরিমাণে দেশি-বিদেশি মানুষ শাঁখারী বাজারে ভিড় করেন। সংস্কৃতির এ চর্চা টিকিয়ে রাখতে তাই এখনই উদ্যোগ নিতে হবে।”
রাজধানী ঢাকার প্রায় ৪শ’ বছরের পুরনো এ এলাকার নামটি এসেছে শাঁখারীদের পেশা থেকে। শাঁখারীরা বংশগতভাবে শাঁখা তৈরির কাজে নিয়োজিত। শাঁখা, সিঁদুর থেকে শুরু করে পূজার যে কোনো সামগ্রী পাওয়া যায় এ বাজারে। বর্তমানে প্রায় ২০ হাজার হিন্দু বসবাস করছেন শাঁখারী বাজারে।
বিশ্বের বিভিন্ন দেশে সাধারণত ১০০ বছর বা তার বেশি পুরনো স্থাপনাকে হেরিটেজের তালিকায় রাখা হয়। ওই তালিকাভুক্ত স্থাপনা ভেঙে নতুন স্থাপনা গড়তে বিশেষ অনুমতির প্রয়োজন হয়।
বাংলাদেশে হেরিটেজ তালিকায় থাকা ঢাকার এসব স্থাপনা ভাঙতে হলে রাজউকের বিশেষ অনুমোদনের প্রয়োজন রয়েছে।
প্রত্নতত্ত্ব বিভাগের উপপরিচালক রাখি রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যে ভবনটি ভাঙার উদ্যোগ নেওয়া হয়েছিল সেটি বন্ধ করা হয়েছে। মূলত এটি রাজউকের তৈরি করা সংরক্ষিত স্থাপনাগুলোর একটি। আমাদের দায়িত্বে না থাকলেও আমরা এগুলো দেখভাল করি।”
“কিন্তু দেখা যায়, যে পরিমাণ ভবন সংরক্ষিত তালিকায় আছে সে তুলনায় আমাদের লোকবল একেবারেই নেই। তাই সব সময় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায় না।”
এ ধরনের ভবন সংরক্ষণে স্থানীয়দের মধ্যে সচেতনতা তৈরির বিষয়ে জোর দেন তিনি।
“এই ভবনগুলোতে যারা থাকছেন তারা ঝুঁকি নিয়ে থাকতে চান না, তারা মনে করেন ডেভেলপারকে দিয়ে দিলে বড় ভবন হবে সেখানে তারা থাকতে পারবেন। এটি একটি সমস্যা তৈরি করে।”
রাখি বলেন, “হেরিটেজ ভবন সংরক্ষণে আমরা একটি দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নেয়ার পরিকল্পনা করেছি যেটি নিয়ে খুব শীঘ্রই কাজ শুরু হবে।”
