আইন উপেক্ষা করে পুরনো ভবনটি ভাঙাই হল
‘ঐতিহ্য’ হিসেবে সংরক্ষণের সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করেই পুরান ঢাকার শাঁখারী বাজারের একটি ভবন ভেঙে ফেলা হয়েছে, যার পেছনে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার হাত রয়েছে বলে অভিযোগ রয়েছে।
শাঁখারী বাজার এলাকার ১৪ নম্বর ভবনটি এর আগে গত বৃহস্পতিবার ভেঙে ফেলার উদ্যোগ নেয়া হয়। তখন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হলে রাতে রাজউক ও পুলিশ গিয়ে ভাঙার কাজ বন্ধ করে দেয়।
ওই ভবনটির ২য় তলায় ‘শ্রী শ্রী কালা চাঁদ দেবের’ একটি মন্দির রয়েছে। ভবনের অন্যান্য অংশে বাস করছেন অন্তত ১০টি পরিবার।
শাঁখারী বাজারের ১৪২ টি সংরক্ষিত (হেরিটেজ) ভবনের মধ্যে রয়েছে ১৪ নম্বর ভবনটিও, যেগুলো ইতোমধ্যে সরকারি গ্যাজেটভুক্ত হয়েছে।
শুক্রবার সকালে প্রত্নতত্ত্ব বিভাগ ও রাজউক ভবনটি পরিদর্শন করে। এসময় প্রত্নতত্ত্ব বিভাগের পক্ষ থেকে ভবনটির নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়।
এরপর শনিবার সব আইন উপেক্ষা করে ভবনটি পুনরায় ভাঙা শুরু হয়। সন্ধ্যা নাগাদ ভবনটির সামনের অংশ পুরোপুরি ধ্বংস করে ফেলা হয়।
এলাকাবাসীর অভিযোগ, এসময় পুলিশ উপস্থিত থাকলেও তারা এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। দলীয় প্রভাব ও ভয় দেখিয়ে ইতোমধ্যেই ভবনটির ভাড়াটেদের উচ্ছেদ করেন ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগ (দক্ষিণ) এর সভাপতি দেবাশীষ বিশ্বাস।
সরকার শাঁখারী বাজারের ১৪২টি ভবনকে ‘ঐতিহ্য’ ঘোষণা করায় পুরানো জরাজীর্ণ এসব ভবন মেরামত করতে পারছেন না মালিকরা। ভবন ভেঙে নতুন বহুতল ভবন নির্মাণেও আছে নিষেধাজ্ঞা।
ফলে সরকারের ঐতিহ্য রক্ষা আইনের বিরুদ্ধে ‘শাঁখারী বাজার ভূমি রক্ষা কমিটি’ নামে স্থানীয় প্রভাবশালীদের একটি সংগঠন আন্দোলন করে আসছে।
অজয় শাঁখারী বাজার পঞ্চায়েত কমিটিরও সভাপতি। এছাড়া ‘ঐতিহ্য’ রক্ষায় গঠিত সরকারি কমিটিরও একজন সদস্য তিনি।
প্রত্নতত্ত্ব বিভাগের মহাপরিচালক শিরিন আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভবনটি ভাঙার খবর পেয়ে শুক্রবার আমরা সেখানে ছুটে যাই। যারা এটি ভাঙছিলো তারা দাবি করেছে, এর জন্য তাদের কাছে অনুমোদন রয়েছে। আমরা এসময় তাদের বলেছি, এটি যেন রোববার পর্যন্ত বন্ধ রাখা হয় আমরা আইন দেখে এ বিষয়ে ব্যবস্থা নেবো।”
এসময় ভবনটিকে নিরাপত্তা দিতে একটি সাধারণ ডায়েরি করা হয় এবং পুলিশকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করা হয় বলে জানান শিরিন।
ভবনটি শনিবার আংশিক ভেঙে ফেলা হয়েছে জানেন কি না- প্রশ্ন করলে তিনি বলেন, “আমি যতটুকু জানি ভাঙার কাজ বন্ধ রয়েছে। আমি খবর নিচ্ছি।”
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি কে এম ফিরোজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রত্নতত্ত্ব বিভাগ একটি জিডি করেছিলো, যারা ভবনটির মালিক তাদের কাছে ভবন ভাঙার বৈধ কাগজপত্র রয়েছে তাই তারা আংশিক ভেঙে ফেলেছে। এখানে আমরা কী করতে পারি?”
১৪ নম্বর ভবনটিকে রক্ষা করতে বৃহস্পতিবার গৃহায়ণ মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, রাজউক, প্রত্নতত্ব বিভাগ, ঢাকা জেলা প্রশাসক এবং পুলিশ কমিশনারকে একটি লিগ্যাল নোটিশ দেয় আরবান স্টাডি গ্রুপ (ইউএসজি) নামে একটি বেসরকারি সংস্থা।
শাঁখারী বাজারকে প্রত্নতাত্ত্বিক এলাকা হিসেবে গড়ে তোলার জন্য ২০০৯ সালে এশীয় উন্নয়ন ব্যাংকের ২০ কোটি টাকায় একটি প্রকল্প চালু হয়। এর আওতায় শাঁখারী বাজারের ঝুঁকিপূর্ণ ভবনগুলোর সংস্কার এবং পয়নিষ্কাশনসহ আধুনিক সুযোগ সুবিধার ব্যবস্থা করার কথা ছিলো। কিন্তু তা আর হয়নি।
রাজধানী ঢাকার প্রায় ৪শ’ বছরের পুরনো এ এলাকার নামটি এসেছে শাঁখারীদের পেশা থেকে। শাঁখারীরা বংশগতভাবে শাঁখা তৈরির কাজে নিয়োজিত। শাঁখা, সিঁদুর থেকে শুরু করে পূজার যে কোনো সামগ্রী পাওয়া যায় এ বাজারে। বর্তমানে প্রায় ২০ হাজার হিন্দু বসবাস করছেন শাঁখারী বাজারে।
