২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্লগার নিলয় হত্যায় আরও তিনজন গ্রেপ্তার

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আরও তিনজনকে গ্রেপ্তারের খবর দিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2015, 12:58 PM

Updated : 26 Jul 2022, 12:08 PM

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ কমিশনার এসএম জাহাঙ্গীর আলম বুধবার জানান, নিলয়কে ফেইসবুকে হুমকি দেওয়ার ঘটনায় একজন এবং হত্যাকাণ্ডের পর ইন্টারনেটে দায় স্বীকারকারী সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এই তিনজন হচ্ছেন- মুফতি মাওলানা আব্দুল গাফ্ফার, মরতুজা সাব্বির ফয়সল ও তারিকুল ইসলাম।

বিকালে তাদেরকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে চান মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মাহাবুবুর রহমান। শুনানি শেষে পাঁচদিন করে রিমান্ডের আদেশ দেন মহানগর হাকিম কায়সারুল ইসলাম।

গাফ্ফারকে মঙ্গলবার নারায়ণঞ্জের সোনারগাঁও থেকে গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ সম্মেলনে জানান ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম।

তিনি জানান, মাওলানা গাফ্ফার ‘ইসলামের সৈনিক সত্যের লড়াকু’ নামে ফেইসবুক আইডি খুলে নিলাদ্রীকে উদ্দেশ করে “আইতাছি তোরে কোপামু চাপতি দিয়া” উল্লেখ করে হুমকি দেন।

“ছাত্রশিবির নেতা সাব্বির ও তারিকুলই আনসার আল ইসলাম নামে আইডি খুলে নিলয় হত্যার দায় স্বীকার করেন।”

মনিরুল ইসলাম বলেন, সাব্বির ও তারিকুল চট্টগ্রামের সীতাকুণ্ডের শিবির নেতা। মঙ্গলবার তাদের একজনকে নারায়ণগঞ্জ থেকে ও আরেকজনকে সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এর আগে কাউছার হোসেন ও কামাল হোসেন নামে দু’জনকে এ মামলায় গ্রেপ্তার দুই দফা রিমান্ডে নেয় পুলিশ।

গত ৭ অগাস্ট রাজধানীর গোড়ানে নিজের বাসায় নিলয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

ওই ঘটনায় নিলয়ের স্ত্রী আশামনি অজ্ঞাতপরিচয় চারজনকে আসামি করে খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তভার পরে যায় গোয়েন্দা পুলিশের হাতে।

২৭ বছর বয়সী নিলয় রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কালেকটিভ নামে একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। ব্লগে সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে লেখালেখিতে সক্রিয় ছিলেন তিনি।

মৃত্যুর আগে দেয়া এক ফেইসবুক পোস্টে ‘ক্রমাগত হুমকি পাওয়ার’ কথা জানিয়েছিলেন নিলয়। নিরাপত্তাহীনতার জন্য জিডি করতে গেলে থানা তা না নিয়ে উল্টো ‘দেশ ছাড়া’র পরামর্শ দেয় বলেও ফেইসবুকে লিখেছিলেন তিনি।

ব্লগার অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান বাবু ও অনন্ত বিজয় দাশের পর নিলয়কে হত্যার পরও দায় স্বীকার করে আল কায়দার ভারতীয় উপমহাদেশ শাখার নামে বিবৃতি আসে।

একই ধরনের জঙ্গি হামলায় গত ৩১ অক্টোবর জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপন নিহত হন। একইদিন প্রকাশনা প্রতিষ্ঠান ‘শুদ্ধস্বর’ এও হামলার ঘটনা ঘটে।

এতে প্রকাশক আহমেদুর রশীদ টুটুলের সঙ্গে আরও দুই ব্লগার আহত হন।

পুরনো খবর:

চট্টগ্রামে গিয়ে শিবির নেতাকে ধরেছে ঢাকার ডিবি