২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গিয়ে শিবির নেতাকে ধরেছে ঢাকার ডিবি

ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রামের এক নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকার গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2015, 11:57 PM

Updated : 22 Aug 2022, 01:55 PM

গ্রেপ্তার তারেকুল আলম (২৫) সীতাকুণ্ড পৌরসভা শিবিরের সহ-সভাপতি ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় এলএলএম-র শিক্ষার্থী। 

কী অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা মুখ না খুললেও তারেকের পরিবারের দাবি, ব্লগার নীলাদ্রী চট্টোপাধ্যায় নিলয় হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।  

পরিবার জানায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে পাঁচলাইশ থানার প্রবর্ত্তক মোড় থেকে তারেকুল আলমকে গ্রেপ্তার করে ঢাকার গোয়েন্দা পুলিশের একটি দল।

তারেকুলের বড় ভাই মোস্তফা নূর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, “পাঁচলাইশ এলাকার ট্রিটমেন্ট হাসপাতাল থেকে এক নিকটাত্মীয়কে দেখে সীতাকুণ্ডে বিশ্ববিদালয় ক্যাম্পাসে ফেরার পথে ঢাকা ডিবির একটি দল তারেকুলকে গ্রেপ্তার করে।”

পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকাল রাতে ঢাকা ডিবির একটি দল প্রবর্ত্তক এলাকা থেকে তারেকুল নামে একজনকে গ্রেপ্তার করেছে। তবে কোন মামলায় গ্রেপ্তার করেছে তা আমার জানা নেই।”

গ্রেপ্তারের পর রোববার ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চট্টগ্রামে ঢাকা ডিবির একটি দল কাজ করছে। শিবিরের নেতা-কর্মী ধরার কথা। তবে কাউকে ধরেছে কি না, সে ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নেই।”

মোস্তফা বলেন, “রাতে তার মোবাইল ফোন বন্ধ পেয়ে আমরা পাঁচলাইশ থানায় যোগাযোগ করি। এসময় থানা থেকে জানানো হয়, ঢাকার খিলগাঁও থানার একটি মামলায় তারেকুলকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার নম্বর ১১ ও তারিখ-৭/৮/১৫।”

মামলাটি ব্লগার নিলয় হত্যাকাণ্ডের বলেও জেনেছেন আইনজীবী মোস্তফা। নিলয়কে গত অগাস্টে বাসায় ঢুকে কুপিয়ে হত্যা করা হয়।

মোস্তফা বলেন, “নিলয় হত্যাকাণ্ডের পর তারেকুল ফেইসবুকে বিভিন্ন ধরনের কমেন্টস করেছে। সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করার কথা আমাদের জানিয়েছে।”

সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান জানান, শিবিরের সীতাকুণ্ড পৌরসভা কমিটির সহ-সভাপতি তারেকুলের বিরুদ্ধে নাশকতার অভিযোগে ২৩টি মামলা আছে।

তবে তারেকুলের ভাই মোস্তফা নূরের দাবি, তারেকুল একসময়ে শিবিরের সঙ্গে যুক্ত থাকলেও এখন নেই। তিনি শিক্ষানবীশ আইনজীবী হিসেবে কাজ করছিলেন।