২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নূর হোসেনকে জিজ্ঞাসা করুন, আর কারা জড়িত: নজরুলের স্ত্রী

ভারত থেকে ফেরত আনা সাত খুনের প্রধান আসামি নূর হোসেনকে জিজ্ঞাসাবাদ করে এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা অন্যদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মজিবুল হক পলাশ, নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2015, 12:53 AM

Updated : 22 Aug 2022, 01:54 PM

বৃহস্পতিবার রাতে বেনাপোল স্থল বন্দরে নূর হোসেনকে হস্তান্তরের তোড়জোড়ের মধ্যে নারায়ণগঞ্জে সাংবাদিকরা প্রতিক্রিয়া জানতে চাইলে এই দাবি জানান তিনি।

নূর হোসেনকে ফেরত আনার উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সেলিনা বলেন, “দেশে ফেরত আনার তার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হোক, ওই হত্যাকাণ্ড  আর কারা কারা জড়িত? পরিকল্পনাকারী কারা, তা বের করা হোক।”

দেড় বছর আগে ছাত্রলীগের সাবেক নেতা নজরুলকে আওয়ামী লীগ নেতা ও আরেক কাউন্সিলর নূর হোসেন র‌্যাবের মাধ্যমে হত্যা করান বলে বিউটির পরিবার অভিযোগ তোলার পর তা নিয়ে দেশজুড়ে শোরগোল পড়ে।

পরে তদন্তে নারায়ণগঞ্জে র‌্যাবের প্রধান তারেক সাঈদ মোহাম্মদসহ বাহিনীর আরও দুই কর্মকর্তা ও বেশ কয়েকজন সদস্যের সম্পৃক্ততা পাওয়া গেলে মামলায় তাদের আসামি করা হয়।

স্বামীর ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হওয়া সেলিনা বলেন, “আমার স্বামীর সঙ্গে র‌্যাবের কোনো বিরোধ ছিল না। তাই তাকে (নূর হোসেন) জিজ্ঞাসাবাদ করে পরিকল্পনাকারীদের কথা তার মুখ থেকে বের করা হোক।”

নজরুলের স্ত্রীর সঙ্গে একই দাবি জানিয়েছেন নিহত মনিরুজ্জামান স্বপনের ভাই মিজানুর রহমান রিপন।

তিনি সাংবাদিকদের বলেন, “নূর হোসেনের সঙ্গে র‌্যাবের সম্পর্ক একদিনে গড়ে উঠেনি। তাই নূর হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হলেই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ও খুনিরা শনাক্ত হবে।”

২০১৪ সালের আলোচিত এই হত্যাকাণ্ডের তদন্ত শেষে র‌্যাবের সাবেক তিন কর্মকর্তা ও নূর হোসেনসহ ৩৫ জনকে আসামি করে এই বছর আদালতে অভিযোগপত্র দেন ডিবির পরিদর্শক মামুনুর রশীদ।

Image
নজরুলের লাশের সামনে সেলিনার আহাজারি

নজরুলের লাশের সামনে সেলিনার আহাজারি

তবে হত্যাকাণ্ডের পর সেলিনা যে মামলা করেছেন, তার কয়েকজন  আসামির তালিকা থেকে বাদ পড়লে তাতে নারাজি আবেদন দেন সেলিনা। তবে তার ওই আবেদন আদালতে গৃহীত হয়নি।

“তদন্ত কর্মকর্তার অভিযোগপত্রে পরিকল্পনাকারী কে, তা আসেনি,” বলেন নজরুলের স্ত্রী।

সেলিনার মামলার আসামি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক রাজু, ঠিকাদার হাসমত আলী হাসু, বিএনপি নেতা ইকবাল হোসেন ও সদ্য আওয়ামী লীগে যোগদানকারী আনোয়ার হোসেন আশিককে অভিযোগপত্রে বাদ দেওয়া হয়।

নূর হোসেনকে গ্রেপ্তারের পর ঢাকা হয়ে নারায়ণগঞ্জে আনা হবে।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন বলেছেন, নূর হোসেনের বিরুদ্ধে ৭ খুনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। পুলিশ তাকে আদালতে সোপর্দ করবে। আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পুরনো খবর:

র‌্যাবের বর্ণনায় ৭ খুনের আদ্যোপান্ত
ভারত থেকে ফেরত আনা হল নূর হোসেনকে
সাত খুন মামলার পুনঃতদন্ত দাবি বাদীর