২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপি লিটনের জামিনে হতাশ নয় সৌরভের পরিবার

জামিনের পর কারাগার থেকে বেরিয়ে এসেছেন গাইবান্ধার সুন্দরগঞ্জে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন, তাতে ‍সুবিচার পাওয়ার আশা ছাড়ছেন না শাহাদাত হোসেন সৌরভের পরিবার।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2015, 06:46 PM

Updated : 22 Aug 2022, 01:50 PM

এমপির গুলিতে আহত শিশুটির পরিবারে কোনো ভীতি না থাকলেও গত মাসের ওই ঘটনার পর লিটনের বিরুদ্ধে আন্দোলনকারীরা শঙ্কার কথা জানিয়েছেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ দিন চিকিৎসার পর গত ২৬ অক্টোবর সৌরভকে নিয়ে বাড়ি ফেরেন তার বাবা সাজু মিয়া ও মা সেলিনা বেগম।

আসামি লিটনের জামিনের প্রতিক্রিয়া জানতে চাইলে সেলিনা সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ভীত নই, বাড়িতে চৌকিদার পাহারায় আছে। আর মামলাও যেহেতু চলমান, তাই সুবিচারের আশা করছি।”

গত ২ অক্টোবর আওয়ামী লীগ এমপি লিটন চতুর্থ শ্রেণির ছাত্র সৌরভকে গুলি করেন বলে সাজু মিয়ার মামলায় বলা হয়েছে।

শিশুকে গুলি করার অভিযোগ ওঠার পর এই আইন প্রণেতাকে গ্রেপ্তারের দাবিতে আন্দোলন শুরু হয়েছিল সুন্দরগঞ্জে। কিছুদিন পালিয়ে থাকার পর ১৪ অক্টোবর ঢাকায় গ্রেপ্তার হন লিটন।  

লিটন গ্রেপ্তার হওয়ার পরেও লিটনের সমর্থকরা হুমকি-ধমকি দিয়ে আসছিল বলে আন্দোলনকারীদের অভিযোগ।

জামিনের পর সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এমপি লিটনের জামিন হওয়ার আগে থেকেই তার লোকজন আমাকে হুমকি দিচ্ছিল।”

“জামিনের সংবাদের পর এখন চরম নিরাপত্তাহীনতায় আছি,” বলেন আওয়ামী লীগের এই এই নেতা। 

সুন্দরগঞ্জ নাগরিক সংগ্রাম পরিষদের সভাপতি বীরেন সরকার আদালতের দেওয়া জামিনের আদেশ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি।

তবে শিশু সৌরভকে গুলি করে হত্যাচেষ্টার মামলাটি দ্রুত বিচার আইনে নিতে সরকারকে আহ্বান জানিয়েছেন তিনি।

কয়েক দফা নাকচ হওয়ার পর সৌরভকে গুলির মামলায় রোববার লিটনকে জামিন দেন গাইবান্ধা আমলি আদালতের (সুন্দরগঞ্জ) বিচারক অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মইনুল হাসান ইউছুফ।

কারাগার থেকে ছাড়া পাওয়ার পর প্রথমে বামনডাঙ্গার বাড়িতে যান লিটন। সংসদ অধিবেশনে যোগ দিতে তিনি রাতেই ঢাকা রওনা হন বলে তার স্ত্রী সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি জানিয়েছেন।

আন্দোলনকারীদের হুমকির অভিযোগের বিষয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এসবের কোনো ভিত্তি নেই।”

জামিনের শুনানিতে এই সংসদ সদস্যের আইনজীবী বলেছিলেন, ঝুঁকির মধ্যে থেকে পিস্তল থেকে গুলি ছুড়লেও সৌরভকে লক্ষ্য করে তা করেননি লিটন।  

সৌরভের বাবার মামলার একদিন পর গত ৪ নভেম্বর বাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগে আরেকটি মামলা হয় লিটনের বিরুদ্ধে। ওই মামলায় আগেই জামিন পান তিনি।

সৌরভের বাবার মামলায় জামিন হলে তিন সপ্তাহ কারাবাসের পর মুক্তি পান লিটন।

পুরনো খবর:

কারামুক্ত এমপি লিটন সেই গাড়িতে গেলেন বাড়ি
সৌরভ পরিবারে নিরাপত্তায় ২ ‘চৌকিদার’
‘নিরাপত্তাহীনতা’ নিয়েই ঘরে ফিরল সৌরভ
আদালতের বাইরে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিটনসমর্থকরা
গাইবান্ধায় শিশু গুলিবিদ্ধ, অভিযোগ এমপির বিরুদ্ধে