২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নিরাপত্তাহীনতা’ নিয়েই ঘরে ফিরল সৌরভ

গাইবান্ধার সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের পক্ষ থেকে ‘নির্যাতনের আশঙ্কা’ নিয়েই চিকিৎসা শেষে ঘরে ফিরেছে তার গুলিতে আহত শিশু শাহাদত হোসেন সৌরভ।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2015, 05:01 PM

Updated : 12 Oct 2022, 04:19 PM

পুরনো খবর:

শিশুকে গুলি: জামিন হয়নি সাংসদ লিটনের

সোমবার বেলা সোয়া ১টায় পরিবারের সদস্যদের নিয়ে রংপুর থেকে অ্যাম্বুলেন্সে করে গাইবান্ধার সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নের গোপালচরণ গ্রামের বাড়ি ফেরে সে।

২৪ দিনের চিকিৎসা শেষে দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়ার আগে কর্তৃপক্ষ সৌরভকে নিয়ে সংবাদ সম্মেলনে আসে।

সেখানে সৌরভ বলে, “অনেকদিন বাঁচতে চাই। কিন্তু ভয় হয়, এমপি লিটন ও তার লোকজন আমাক বাঁচতে দেবে তো? আমার পরিবারের ওপর নির্যাতন করবে না তো?”

নিরাপত্তাহীনতার আশঙ্কা প্রকাশ পেল সৌরভের বাবা সাজু মিয়ার কণ্ঠেও।

তিনি বললেন, “ভয়ে স্ত্রী-ছেলেকে নিয়া হাসপাতালে নিরাপদে আছিলাম। এমপি লিটনের ক্যাডাররা ভয়ঙ্কর; ঘটনার পর থাকি তারা হুমকি দিয়া আসছে।

“প্রতিশোধ নিতে তারা আমার পরিবারের উপর কিছু করতে পারে- সেই আতঙ্কে ভুগতিছি।”

হাসপাতালের পরিচালক আ স ম বরকতুল্লাহ জানান, সৌরভের চিকিৎসার ব্যয়ভার হাসপাতাল কর্তৃপক্ষ বহন করেছে।

তিনি সাংবাদিকদের বলেন, “এক সপ্তাহ পর পর তাকে হাসপাতালে নিয়ে আসতে হবে। এজন্য যে যাতায়াত খরচ লাগে তা-ও আমরাই বহন করব।”

শিশু সার্জারি বিভাগের প্রধান ডা. বাবলু কুমার সাহা বলেন, “সৌরভকে কিছু ব্যায়াম শিখিয়ে দেওয়া হয়েছে। সেগুলো নিয়মিত করলে দুই সপ্তাহের মধ্যে সে আগের মতো চলাফেরা করতে পারবে।”

কোনো সহায়তা ছাড়া পা ফেলতে পেরে খুশি সৌরভ বলে, “আজ অনেক ভালো লাগতেছে। আগের মতো হাঁটতে পারতেছি। অনেকদিন পর এলাকায় যাইতেছি।”

হাসপাতাল পরিচালকের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সৌরভের মা সেলিনা বেগমও উপস্থিত ছিলেন।

২ অক্টোবর ভোরে এলাকায় গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য লিটনের ছোড়া গুলিতে আহত হয় চতুর্থ শ্রেণির ছাত্র শাহাদত হোসেন সৌরভ।

পরদিন সৌরভের বাবা সংসদ সদস্য লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় হত্যাচেষ্টার মামলা করলে ১৪ অক্টোবর রাতে রাজধানীর উত্তরা থেকে লিটনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তিনি এখন গাইবান্ধার কারাগারে রয়েছেন।