শিশুকে গুলি: জামিন হয়নি সাংসদ লিটনের
শিশু শাহাদাত হোসেন সৌরভকে গুলির মামলায় গাইবান্ধার সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের জামিন আবেদন আবারও নাকচ করেছে আদালত।
এই আওয়ামী লীগ নেতার আবেদন শুনে গাইবান্ধার সুন্দরগঞ্জ আমলি আদালতের দায়িত্বে থাকা জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. ওয়াহেদুজ্জামান রোববার এই আদেশ দেন।
একই আদালতে ভাংচুরের আরেকটি মামলায় সরকারদলীয় এই এমপির জামিন আবেদন হয়েছিল। তাও নাকচ হয় বলে আসামিপক্ষের আইনজীবী মো. সিরাজুল ইসলাম বাবু জানান।
রোববার এসব আবেদনের শুনানিতে আনা হয়নি গাইবান্ধা-১ আসনের (সুন্দরগঞ্জ) এমপি লিটনকে। তিনি গত ১৫ অক্টোবর থেকে কারাগারে রয়েছেন।
গত ২ অক্টোবর সুন্দরগঞ্জে লিটনের ছোড়া গুলিতে আহত হয় নয় বছরের সৌরভ। দুই পায়ে তিনটি গুলির ক্ষত নিয়ে সে এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
তার বাবা সাজু মিয়া ঘটনার পরদিন সাংসদ লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
গুলির ঘটনার পর সর্বানন্দ ইউনিয়নের উত্তর শাহাবাজ গ্রামে লিটনের লোকজনের হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে আরেকটি মামলা করেন হাফিজার মণ্ডল নামের এক ব্যক্তি। এ মামলায় আসামি করা হয় দশজনকে।
ওই দুই মামলায় আগাম জামিন চেয়ে লিটন হাই কোর্টে আবেদন করলে ১২ অক্টোবর তা খারিজ হয়ে যায়। এরপর দুই দিনের মাথায় তাকে গ্রেপ্তার করে ঢাকার গোয়েন্দা পুলিশ।
১৫ অক্টোবর লিটনকে গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে জামিন চাওয়া হলে বিচারক তা নাকচ করে তাকে কারাগারে পাঠান।
