কারামুক্ত এমপি লিটন সেই গাড়িতে গেলেন বাড়ি
শিশু শাহাদাত হোসেন সৌরভকে গুলির মামলায় তিন সপ্তাহ কারাগারে কাটিয়ে জামিনে ছাড়া পেয়েছেন গাইবান্ধার সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন।
কারাগার থেকে বের হয়ে লাল রংয়ের যে পাজেরোতে চড়ে লিটন সুন্দরগঞ্জে নিজ বাড়িতে যান, ওই গাড়ি থেকেই সৌরভের দিকে গুলি ছোড়েছিলেন তিনি।
তার আইনজীবী সিরাজুল ইসলাম বাবু জানান, রোববার দুপুর ১২টার দিকে এমপি লিটনকে ছেড়ে দেয় গাইবান্ধা জেলা কারাগার কর্তৃপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “জেল গেটেই জেলা আওয়ামী লীগ ও সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা এমপি লিটনকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়। তারপর নিজের লাল রংয়ের পাজেরোতে উঠে সুন্দরগঞ্জে নিজ বাড়ির পথে রওনা হন তিনি।”
সৌরভ গুলিবিদ্ধ হওয়ার পর কয়েকদিন জনসম্মুখে আসেননি সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। ওই সময় তার বাড়ির উঠানে লাল রংয়ের এই সরকারি গাড়িটিকে পড়ে থাকতে দেখা যায়। তখন বাড়ির সঙ্গে তার গাড়িও তালাবদ্ধ ছিল।
পরে ঢাকায় তাকে গ্রেপ্তারের দিন এই গাড়িতে করেই সেখান থেকে বাড়ি ফেরেন তার স্ত্রী সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি।
লিটনের আইনজীবী সিরাজুল বলেন, “রোববার থেকে শুরু হওয়া সংসদ অধিবেশনে যাতে অংশ নিতে পারেন সেজন্যই আদালত তাকে জামিন দিয়েছে।”
জামিনের আদেশের কপি কারাগারে পৌঁছার পর কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দেন বলে জানান তিনি।
গত ২ অক্টোবর গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য লিটনের ছোড়া গুলিতে শাহাদাত হোসেন সৌরভ নামে নয় বছর বয়সী ওই শিশু আহত হয়। দুই পায়ে তিনটি গুলির ক্ষত নিয়ে দীর্ঘদিন তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়।
তার বাবা সাজু মিয়া ঘটনার পরদিন সাংসদ লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এছাড়া গুলির ঘটনার পর সর্বানন্দ ইউনিয়নের উত্তর শাহাবাজ গ্রামে লিটনের লোকজনের হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে আরেকটি মামলা করেন হাফিজার মণ্ডল নামের এক ব্যক্তি। এ মামলায় আসামি করা হয় দশজনকে।
সৌরভ হত্যাচেষ্টা মামলায় গত ১৪ অক্টোবর রাতে রাজধানীর উত্তরার বোনের বাসা থেকে লিটনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
পরদিন গত তাকে গাইবান্ধা ডিবি কার্যালয়ে আনা হয়। ওইদিন দুপুরে গাইবান্ধার সুন্দরগঞ্জ আমলি আদালত তার জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠায়।
দ্বিতীয় দফায় গত ২৫ অক্টোবর একই আদালত দুটি মামলায় (হত্যাচেষ্টা এবং বাড়িতে হামলা করে ভাংচুর ও লুটপাট) জামিন আবেদন নাকচ করে।
এরপর ৪ নভেম্বর একই আদালত বাড়িতে হামলা করে ভাংচুর ও লুটপাটের মামলায় জামিন মঞ্জুর করলেও হত্যাচেষ্টা মামলায় জামিন নাকচ করে।
