২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপি লিটনের জামিন, মুক্তিতে ‘বাধা নেই’

শিশু শাহাদাত হোসেন সৌরভকে গুলির মামলার আসামি সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে সংসদ বসার সময় হওয়ায় অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে গাইবান্ধার আদালত।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2015, 11:46 AM

Updated : 22 Aug 2022, 01:49 PM

হত্যাচেষ্টা ও ভাংচুর-লুটপাটের দুই মামলাতেই জামিন পাওয়ায় এখন এই সংসদ সদস্যের মুক্তিতে তার বাধা নেই বলে তার আইনজীবী জানিয়েছেন।   

রোববার সকালে সুন্দরগঞ্জ আমলী আদালতের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. মইনুল হাসান শুনানি করে এমপি লিটনের জামিন মঞ্জুর করেন। 

লিটনের আইনজীবী সিরাজুল ইসলাম বাবু বলেন, “রোববার থেকে শুরু হওয়া সংসদ অধিবেশনে যাতে অংশ নিতে পারেন সেজন্যই আদালত তাকে জামিন দিয়েছে। এখন কারাগার থেকে মুক্ত হতে আর কোন বাধা নেই।”

জামিনের আদেশের কপি কারাগারে পৌঁছলেই তিনি মুক্তি পাবেন বলে জানান এ আইনজীবী।

গত ২ অক্টোবর গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য লিটনের ছোড়া গুলিতে শাহাদাত হোসেন সৌরভ নামে নয় বছর বয়সী ওই শিশু আহত হয়। দুই পায়ে তিনটি গুলির ক্ষত নিয়ে দীর্ঘদিন তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়।

তার বাবা সাজু মিয়া ঘটনার পরদিন সাংসদ লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এছাড়া গুলির ঘটনার পর সর্বানন্দ ইউনিয়নের উত্তর শাহাবাজ গ্রামে লিটনের লোকজনের হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে আরেকটি মামলা করেন হাফিজার মণ্ডল নামের এক ব্যক্তি।  এ মামলায় আসামি করা হয় দশজনকে।

সৌরভ হত্যাচেষ্টা মামলায় গত ১৪ অক্টোবর রাতে রাজধানীর উত্তরার বোনের বাসা থেকে লিটনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পরদিন গত ১৫ অক্টোবর তাকে গাইবান্ধা ডিবি কার্যালয়ে আনা হয়। ওইদিন দুপুরে গাইবান্ধার সুন্দরগঞ্জ আমলী আদালতে হাজির করার পর জামিন আবেদন করলে তা নাকচ হয়।

দ্বিতীয় দফায় গত ২৫ অক্টোবর একই আদালত দুটি মামলায় (হত্যাচেষ্টা এবং বাড়িতে হামলা করে ভাংচুর ও লুটপাট) জামিন আবেদন নাকচ করে।

এরপর ৪ নভেম্বর একই আদালত বাড়িতে হামলা করে ভাংচুর ও লুটপাট মামলায় জামিন মঞ্জুর করলেও হত্যাচেষ্টা মামলায় জামিন নাকচ করে।