২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিটনের ব্যবস্থা আদালতের নির্দেশনা অনুযায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী

গাইবান্ধার সরকারদলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের বিষয়ে ‘আদালতের নির্দেশনা অনুযায়ী’ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2015, 01:37 PM

Updated : 22 Aug 2022, 01:30 PM

বুধবার সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “কেউ বিচারের ঊর্ধ্বে নয়, বিচারকরা যেভাবে নির্দেশনা দেন আমাদের প্রশাসন ঠিক সেভাবেই কাজ করে।

“যেই নির্দেশনা (আদালত) দিয়েছেন তা আমাদের কাছে এলে প্রশাসন সে অনুযায়ীই কাজ করবে।”

লিটনকে ১৮ অক্টোবরের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের যে আদেশ হাই কোর্ট দিয়েছিল, রাষ্ট্রপক্ষের আবেদনে ইতোমধ্যে তা স্থগিত করেছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।

এর ফলে এই সংসদ সদস্যকে গ্রেপ্তারে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।

গত ২ অক্টোবর গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য লিটনের ছোড়া গুলিতে শাহাদাত হোসেন সৌরভ নামে নয় বছর বয়সী এক শিশু আহত হয় বলে পরিবারের অভিযোগ।

আহত সৌরভের বাবা সাজু মিয়া ঘটনার পরদিন সাংসদ লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এছাড়া ভাংচুর ও লুটপাটের অভিযোগে আরেকটি মামলা করেন হাফিজার রহমান নামে সর্বানন্দ ইউনিয়নের উত্তর শাহাবাজ গ্রামের এক বাসিন্দা।

ওই দুই মামলায় আগাম জামিন চেয়ে লিটন হাই কোর্টে আবেদন করলে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর অবকাশকালীন বেঞ্চ সোমবার তা  খারিজ করে দেয়।

সাম্প্রতিক কয়েকটি আলোচিত হত্যাকাণ্ডে তদন্তের অগ্রগতি জানতে চাইলে মন্ত্রী বলেন, সুষ্ঠু তদন্তের সব প্রচেষ্টা ‘অব্যাহত আছে’। শিগগিরই সরকারের পক্ষ থেকে এ বিষয়ে অবহিত করা হবে।

“অনেকগুলো ইস্যু, যেমন- ধর্ম যাজক হত্যাচেষ্টার তদন্ত খুব কাছাকাছি এসেছে। আশা করছি সময়মত আপনাদের জানাতে পারব। তদন্তের স্বার্থে এখন আর কিছু বলব না।”

গত ৫ অক্টোবর সকালে ঈশ্বরদীর ব্যাপ্টিস্ট মিশনের ‘ফেইথ বাইবেল চার্চ অব গড’ এর ফাদার লুক সরকারকে তার বাসায় গলায় ছুরি চালিয়ে হত্যার চেষ্টা করে কয়েকজন যুবক।

এর এক সপ্তাহ পর ‘জেএমবির এক আঞ্চলিক কমাণ্ডার’সহ পাঁচজনকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। পরে ওই পাঁচজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।

এর আগে ২৮ সেপ্টেম্বর গুলশানের কূটনৈতিক পাড়ায় চেজারে তাভেল্লা নামের এক ইতালীয় এনজিওকর্মীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এর পাঁচ দিনের মাথায় রংপুরের এক গ্রামে একই কায়দায় খুন হন জাপানি নাগরিক কুনিও হোশি। এ দুটি হত্যাকাণ্ডের খবর আন্তর্জাতিক অঙ্গনেও আলোচিত হয়েছে।

দেশের হিন্দু সম্প্রদায় এবার ‘স্বাভাবিক ও সুন্দরভাবে’ দুর্গাপূজা উদযাপন করতে পারবে আশা প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গতবারের তুলনায় এবার দুই থেকে তিনশ মণ্ডপ বেড়েছে।

“আমি মনে করি, যেহেতু নিরাপত্তা দিতে পারছি, আর আমরা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করি, তাই এগুলো সম্ভব হচ্ছে।”

সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্ত বিভিন্ন অফিস প্রধানদের সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুষ্ঠানে অংশ নেন মন্ত্রী।