১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চিকিৎসকদের কর্মস্থলে থাকা নিশ্চিত করতে হবে: ইউনূস

স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদনকে ‘যুগান্তকারী পদক্ষেপ' হিসেবে বর্ণনা করেন তিনি।

চিকিৎসকদের কর্মস্থলে থাকা নিশ্চিত করতে হবে: ইউনূস
জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য কমিশনের সদস্যরা সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন হস্তান্তর করেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2025, 07:45 PM

Updated : 10 Sep 2026, 12:41 PM

চিকিৎসকদের যেখানে বদলি করা হবে তাদের সেখানে থাকাটা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানের বিষয়ে তুলে ধরা হয়।

মুহাম্মদ ইউনূস স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদনকে ‘যুগান্তকারী পদক্ষেপ’ হিসেবে আখ্যায়িত করে বলেন, “স্বাস্থ্য খাতের সমস্যাগুলো বহুদিনের সমস্যা, এর মাধ্যমে আমরা যদি এসব সমস্যার সমাধান করতে পারি তা হবে যুগান্তকারী ঘটনা।”

তিনি বলেন, দেশের স্বাস্থ্য খাতে দীর্ঘদিন ধরে যেসব সমস্যা বিরাজ করছে, সেগুলোর সমাধানে কমিশনের সুপারিশগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে যেসব সুপারিশ দ্রুত বাস্তবায়নযোগ্য, সেগুলোর কার্যকর বাস্তবায়নে এখনই পদক্ষেপ নিতে হবে।

প্রধান উপদেষ্টা বলেন, “একটি বড় সমস্যা হচ্ছে ডাক্তারের সংকট, আবার কোনো কোনো ক্ষেত্রে ডাক্তার থাকলেও যেখানে দরকার সেখানে ডাক্তার নেই। এই সমস্যার স্থায়ী সমাধান করতে হবে।

চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণের ওপর জোর দিয়ে তিনি বলেন, ”এটা ছাড়া সমস্যা নিরসন সম্ভব নয়। চিকিৎসকদের যেখানে পোস্টিং সেখানে থাকাটা নিশ্চিত করতে হবে।”

কমিশনপ্রধান জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে এই কমিশনের সদস্যরা তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার নিকট হস্তান্তর করেন।

এসময় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য ও স্বাস্থ্য ইনফরমেটিকস বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ জাকির হোসেন, অধ্যাপক লিয়াকত আলী, ডা. সায়েবা আক্তার, সাবেক সচিব এম এম রেজা, ডা. আজহারুল ইসলাম, ডা. সৈয়দ মো. আকরাম হোসেন, ডা. সৈয়দ আতিকুল হক, ডা. আহমেদ এহসানুর রাহমান ও শিক্ষার্থী প্রতিনিধি উমায়ের আফিফ উপস্থিত ছিলেন।

এর মধ্য দিয়ে দুই ধাপে গঠিত ১১ সংস্কার কমিশনের সবগুলো প্রতিবেদন সরকারপ্রধানের দপ্তরে জমা পড়ল।

স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার হাতে