মোটরসাইকেলের সামনের নম্বর প্লেটের মাপে পরিবর্তন আনার সুযোগ
শুরুতে নম্বর প্লেট বসাতে ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয় বিআরটিএ; পরে তা বাড়িয়ে করা হয় ৩১ ডিসেম্বর।
মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট বসানোর ক্ষেত্রে যে মাপ নির্দিষ্ট করে দেওয়া ছিল, তাতে পরিবর্তন আনার সুযোগ তৈরি করে দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
রোববার জারি হওয়া এক প্রজ্ঞাপনে সড়ক পরিবহন বিধিমালায় বেশ কিছু সংশোধনী আনায় এ সুযোগ তৈরি হয়েছে।
গত অক্টোবরে মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট বসানো সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। শুরুতে নম্বর প্লেট বসাতে ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। পরে সেই সময়সীমা দেড় মাস বাড়িয়ে করা হয় ৩১ ডিসেম্বর।
বিআরটিএর গণবিজ্ঞপ্তিতে অনুযায়ী, মোটরসাইকেলের মালিকদের নিজেদের উদ্যোগে নম্বর প্লেট তৈরি করতে হবে। স্কুটারের নম্বর প্লেটের মাপ হবে ২০০ মিলিমিটার বাই ১০০ মিলিমিটার। অন্য মোটরসাইকেলের ক্ষেত্রে প্লেটের মাপ হবে ২৮৫ মিলিমিটার বাই ৫০ মিলিমিটার। অক্ষর ও সংখ্যার উচ্চতা হতে হবে কমপক্ষে ২০ মিলিমিটার। নম্বর প্লেট স্টেইনলেস স্টিল বা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে। সাদা পটভূমিতে কালো বাংলা অক্ষর ও সংখ্যা ব্যবহার করতে হবে। এতে কোনো নকশা বা অলংকারমূলক ডিজাইন রাখা যাবে না।
ওই নির্দেশনায় যে মাপ দেওয়া আছে, তাতে নম্বর প্লেটটি আকারে লম্বা হয়ে যাচ্ছিল। ফলে অনেক মোটরাসাইকেলের আকারের সঙ্গে এই লম্বা নম্বর প্লেট সামঞ্জস্যপূর্ণ নয় বলে চালকদের মধ্যে আলোচনা ছিল।
এরমধ্যে রোববার গেজেট প্রকাশ করে সরকার, যেখানে সামনের নম্বর প্লেটের নকশা, আকার, অক্ষরের উচ্চতা ও নম্বর লেখার বিন্যাসে পরিবর্তনের সুযোগ রাখা হয়।
সংশোধিত বিধিমালায় বলা হয়েছে, প্রয়োজনে কর্তৃপক্ষ মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে অক্ষরের উচ্চতা, জেলা বা অঞ্চলের নাম নির্দেশকারী অক্ষরের আকার ও যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের উচ্চতা নির্ধারণ করতে পারবে। একই সঙ্গে নম্বরপ্লেটের উল্লম্ব অংশে ফাঁকা জায়গার পরিমাণ, দুটি সংখ্যার মধ্যবর্তী ফাঁকা স্থানের দৈর্ঘ্য ও দ্বিতীয় লাইনে সংখ্যাগুলোর মধ্যবর্তী হাইফেনের দৈর্ঘ্যও নির্ধারণ করতে পারবে।
এ ছাড়া একই লাইনে রেজিস্ট্রেশন মার্ক লেখার ক্ষেত্রে জেলা বা অঞ্চলের নাম নির্দেশকারী অক্ষর ও যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের পর নির্ধারিত দৈর্ঘ্যের হাইফেন ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। অর্থাৎ মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের প্রচলিত বিন্যাসের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিকল্প বিন্যাস ব্যবহারের বিধিগত সুযোগ তৈরি হয়েছে।
সংশোধিত বিধিতে বলা হয়েছে, সংশোধিত বিধিমালায় মোটরসাইকেলের সামনের রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে বিপরীতমুখী রেট্রো-রিফ্লেক্টিভ প্লেট ব্যবহারের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে নম্বর প্লেটের দৃশ্যমানতা ও শনাক্তকরণে সহায়ক প্রযুক্তি ব্যবহারের সুযোগ থাকবে।
প্রজ্ঞাপনে বিধিমালার ৩৬ নম্বর বিধির সংশ্লিষ্ট উপবিধিতে পরিবর্তন আনার পাশাপাশি উপবিধি (১০) থেকে ‘মোটরসাইকেল এবং’ শব্দ দুটি বিলুপ্ত করার কথাও বলা হয়েছে।
সংশোধনীর মাধ্যমে মোটরসাইকেলের সামনের নম্বর প্লেটের নকশা ও বিন্যাসের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত গ্রহণের সুযোগ আরও স্পষ্ট করা হয়েছে।
