মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় বাড়ল
আরও দেড় মাস সময় বাড়ানোর ঘোষণা দিয়েছে বিআরটিএ।
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগাতে আরও কিছুটা সময় পাচ্ছেন বাইক চালকরা।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বৃহস্পতিবার ১৫ নভেম্বর থেকে আরও দেড় মাস বাড়ানোর ঘোষণা দিয়েছে বলে জানিয়েছেন সংস্থার একজন উপপরিচালক।
নির্ধারিত সময়ের মধ্যে বিপুলসংখ্যক মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর ক্ষেত্রে বাস্তব সমস্যার কথা বিবেচনা করে এ সময়সীমা ৩১ ডিসেম্বর করার কথা ফেইসবুক পোস্টে জানিয়েছে সংস্থাটি।
এর আগে ১৬ অক্টোবর গণবিজ্ঞপ্তিতে বিআরটিএ ১৫ নভেম্বরের মধ্যে ম্যানুয়াল নম্বর প্লেট মোটরসাইকেলের সামনে বসাতে হবে বলে শুক্রবার বিএআরটিএর গণবিজ্ঞপ্তিতে বলা হয়।
বর্তমান সড়ক পরিবহন আইন অনুযায়ী, মোটরসাইকেলের পেছনে বিআরটিএ অনুমোদিত রেডিও ফ্রিকোয়েন্সি শনাক্তকরণ (আরএফআইডি) প্রযুক্তিসংবলিত রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক।
বিআরটিএর নতুন এ পদক্ষেপের কারণ হিসেবে কর্মকর্তা বলছেন, ট্রাফিক সিগন্যালে মোটরসাইকেল চালকরা নিয়ম ভাঙলে এআইচালিত ক্যামেরাগুলো অনেক সময় পেছনের নম্বরপ্লেট ধরতে পারে না। পেছনের অনেক নম্বরপ্লেটে কাদা লেগে সেগুলো ঢেকে যাওয়ার কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশনার বিষয়ে বিআরটিএ বলেছে, মোটরসাইকেলের মালিকদের নিজ উদ্যোগে এ নম্বরপ্লেট তৈরি করে সামনে লাগাতে হবে।
>> স্কুটারের নম্বরপ্লেটের মাপ হতে হবে ২০০ মিলিমিটার বাই ১০০ মিলিমিটার
>> মোটরসাইকেলের ক্ষেত্রে ২৮৫ মিলিমিটার বাই ৫০ মিলিমিটার
>> প্লেটের লেখা বাংলা অক্ষর ও সংখ্যা অন্তত ২০ মিলিমিটার আকারের হতে হবে
>> নম্বরপ্লেট স্টেইনলেস স্টিল বা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে
>> সাদা পটভূমিতে কালো রঙের বাংলা অক্ষর ও সংখ্যা ব্যবহার করতে হবে
>> কোনো ধরনের নকশা বা সাজসজ্জা করা যাবে না।
