১৬ অক্টোবর ২০২৬, ০১ কার্তিক ১৪৩৩

১৫ নভেম্বরের মধ্যে নম্বর প্লেট বসাতে হবে মোটরসাইকেলের সামনেও

পেছনের অংশেরটা আরএফআইডি হলেও সামনের অংশে বসাতে হবে ম্যানুয়াল নম্বর প্লেট।

১৫ নভেম্বরের মধ্যে নম্বর প্লেট বসাতে হবে মোটরসাইকেলের সামনেও

ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Oct 2026, 05:29 PM

Updated : 16 Oct 2026, 05:39 PM

পেছনের অংশের পাশপাশি মোটরসাইকেলের সামনের অংশেও নম্বর প্লেট বসাতে বলেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

১৫ নভেম্বরের মধ্যে এই ম্যানুয়াল নম্বর প্লেট বসাতে হবে বলে শুক্রবার বিএআরটিএর গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘মোটরসাইকেলের পেছনে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) ট্যাগযুক্ত রেট্রো-রিফ্লেকটিভ নম্বর প্লেটে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের বিধান রয়েছে।

“সরকার মোটরসাইকেলের পেছনে রেজিস্ট্রেশন নম্বর বসানোর পাশাপাশি সম্মুখভাগেও বসানোর সিদ্ধান্ত নিয়েছে।’’

পেছনের নম্বর প্লেট আরএফআইডি হলেও সামনের অংশ সাধারণ প্লেটে করতে হবে। এর আকার ও রঙের বিবরণও দিয়েছে বিআরটিএ।

নিজস্ব খরচে আগামী ১৫ নভেম্বরের মধ্যে সামনের অংশে নম্বর প্লেট সংযোজনের সময় বেধে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

স্কুটার ও অন্যান্য মোটরসাইকেলের নম্বর প্লেটের জন্য আলাদা মাপ নির্ধারণ করা হয়েছে।

স্কুটারের বেলায় সামনের নম্বর প্লেট স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে। এর আকার হবে দৈর্ঘ্য ২০০ মিলিমিটার ও প্রস্থে ১০০ মিলিমিটার।

সাদা পটভূমি প্লেইটে অক্ষর ও সংখ্যা হবে কালো রঙের বাংলা হরফে। এতে কোনো নকশা বা সাজসজ্জা রাখা যাবে না।

অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে নম্বর প্লেটের দৈর্ঘ্য হবে ২৮৫ মিলিমিটার ও প্রস্থ হবে ৫০ মিলিমিটার।

উভয় ক্ষেত্রেই অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।