আদালতে ফিরল কালো কোট-গাউন
গরমের মধ্যে ‘হিট স্ট্রোকে’ এক আইনজীবীর মৃত্যুর পর কালো কোট-গাউন পরার বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছিল।
তীব্র গরমের আঁচ কমে হেমন্তের ঠাণ্ডা হাওয়া বইতে শুরু করেছে, সেই সঙ্গে পাঁচ মাস পর আদালতপাড়ায় ফিরেছে বিচারক ও আইনজীবীদের কালো কোট-গাউন।
রোববার থেকেই চিরাচরিত এই পোশাক পরার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী।
সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্ততি বলা হয়েছে, “অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত ও ট্রাইব্যুনালের বিচারকরা এবং আইনজীবীদের মামলা শুনানিকালে পরিধেয় পোশাক সংক্রান্ত গত ১৩ মে’র দেওয়া বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করা হল।”
তীব্র গরমের মধ্যে গত ১৩ মে আদালতে কালো কোট আর গাউন পরার বাধ্যবাধকতা শিথিল করা হয়েছিল। ‘হিট স্ট্রোকে’ ঢাকার আদালত চত্বরে এক তরুণ আইনজীবীর মৃত্যু ঘিরে ব্যাপক আলোচনার দুদিন পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের এক বিজ্ঞপ্তিতে তখন বলা হয়েছিল, দেশের সব আদালতে পুরুষ বিচারক এবং আইনজীবীরা সাদা ফুল হাতা শার্টের সঙ্গে সাদা নেক ব্যান্ড ও কালো টাই পরবেন। আর নারী আইনজীবীরা সাদা শাড়ি বা সালোয়ার-কামিজ পরে আদালতে যাবেন।
মে মাসে দেশব্যাপী তীব্র তাপপ্রবাহের কারণে দেশের বিভিন্ন আইনজীবী সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এর পাঁচ মাস পর কার্তিকের শুরুতেই এখন সকালে দেশের বিভিন্ন এলাকায় দেখা মিলছে কুয়াশার। বার্তা দিচ্ছে শীত আগমনীর। দিন ও রাতের তাপমাত্রাও কমে এসেছে। এমন সময়ে আদলত চত্বরেও ফেরানো হল কালো কোট গাউন পরার রীতি।
পুরনো খবর
