১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হাই কোর্টের আদেশ স্থগিত, ঝিনাইদহ উপনির্বাচনে বাধা নেই

“এখন নির্বাচনে বাধা নেই। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য নতুন করে তফসিল ঘোষণা করতে হবে আরকি,“ বলেন রিটকারীর আইনজীবী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2025, 02:19 PM

Updated : 26 Aug 2026, 09:33 AM

হাই কোর্টের আদেশ আপিল বিভাগ স্থগিত করে দেওয়ায় ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনের বাধা কাটল। 

আগামী ৫ জুন সংসদের এই আসনে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে। 

উপ নির্বাচন স্থগিত করে হাই কোর্ট যে আদেশ দিয়েছিল, তার বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছিল নির্বাচন কমিশন। 

সেই আবেদনের শুনানি করে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম বুধবার হাই কোর্টের আদেশ স্থগিত করে দেন। 

নির্বাচন কমিশনের আবেদনের শুনানি করেন অ্যাডভোকেট মো. খালেকুজ্জামান। রিটকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব।

চলতি বছরের ৭ জানুয়ারি ঝিনাইদহ-১ আসনে নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আবদুল হাই জয়ী হন এবং এ আবেদনকারী নাজমুল ইসলাম পরাজিত হন। নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে পুনরায় ভোট চেয়ে এবং ভোটের ফলাফল স্থগিত চেয়ে নাজমুল ইসলাম হাই কোর্টে আবেদন করেন। 

ওই আবেদনের পর হাই কোর্ট ভোটের ফলাফল স্থগিত করে। কিন্তু আব্দুল হাইয়ের আপিলে আপিল বিভাগ হাই কোর্টের আদেশ স্থাগিত করে দেয়।

এরপর গত ১৬ মার্চ ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সংসদ সদস্য আবদুল হাই। 

নির্বাচন কমিশন তখন আসনটি শূন্য ঘোষণা করে। ৫ জুন ভোটের তারিখ রেখে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. নায়েব আলী জোয়ারদারকে উপ নির্বাচনে নৌকার মনোনয়ন দেয় ক্ষমতাসীন দল।  

ঘোষিত তফসিল অনুযায়ী এ উপ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল মঙ্গলবার। কিন্তু নাজমুল ইসলাম নতুন করে রিট আবেদন করলে হাই কোর্ট তিন সপ্তাহের জন্য নির্বাচন স্থগিত করে দেয়। এখন আপিল বিভাগে সেই সিদ্ধান্ত আটকে গেল। 

নাজমুল ইসলামের আইনজীবী মো. মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাই কোর্টের আদেশ আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিত করে দিয়েছে। এখন নির্বাচনে বাধা নেই। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য নতুন করে তফসিল ঘোষণা করতে হবে আরকি।“

তিনি বলেন, “মঙ্গলবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। কিন্তু তখন তো হাই কোর্টের স্থগিতাদেশ ছিল। তাই আমার ক্লয়েন্টের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া সম্ভব হয়নি। তার তো রাইট আছে মনোয়নপত্র দাখিল করার।“

নতুন করে সময় না দিলে কী করবেন প্রশ্ন করলে তিনি বলেন, “সেক্ষেত্রে আমরা রিট করব।“  

পুরনো খবর

ঝিনাইদহ-১ আসনের উপ-নির্বাচন আটকে গেল হাই কোর্টে

ঝিনাইদহ-১ উপ-নির্বাচনে নৌকা পেলেন নায়েব আলী

ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই আর নেই

ঝিনাইদহ-১ আসনের ফলাফল দুই মাস স্থগিত

ঝিনাইদহ-১ আসনের ফলাফলহাই কোর্টের আদেশ স্থগিত