১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঝিনাইদহ-১ আসনের উপ-নির্বাচন আটকে গেল হাই কোর্টে

ঘোষিত তফসিল অনুযায়ী এ উপ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল মঙ্গলবার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2025, 02:09 PM

Updated : 10 Sep 2026, 12:05 PM

ঝিনাইদহ-১ আসনের উপ-নির্বাচন স্থগিত করে দিয়েছে হাই কোর্ট। আগামী ৫ জুন সেখানে ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। 

গত ৭ জানুয়ারির নির্বাচনে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা নজরুল ইসলামের এক আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ সোমবার নির্বাচন স্থগিত করে আদেশ দেন। 

আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. মনির হোসেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আবদুল হাই জয়ী হন এবং এ আবেদনকারী নজরুল ইসলাম পরাজিত হন। নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে পুনরায় ভোট চেয়ে এবং ভোটের ফলাফল স্থগিত চেয়ে নাজমুল ইসলাম হাই কোর্টের এই বেঞ্চে আবেদন করেন। 

“ওই আবেদনের পর হাই কোর্ট ভোটের ফলাফল স্থগিত করে। কিন্তু আব্দুল হাইয়ের আপিলে আপিল বিভাগ হাই কোর্টের আদেশ স্থাগিত করে দেয়।“    

মনির হোসেন বলেন, “আব্দুল হাই মারা গেলে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে। তাই আমরা বলেছি, যেহেতু আগের মামলার বিষয়টি নিষ্পত্তি হয়নি, তাই তা নিষ্পত্তির আগে নির্বাচন হওয়া সমীচীন হবে না। 

“সেই পরিপ্রেক্ষিতে আদালত ভোটের ওপর তিন সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছে। এ ছাড়া আগামী রোববার আমাদের আবেদনের শুনানি হবে।“   

ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল হাই গত ১৬ মার্চ ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে আসনটি শূন্য হয়।

৫ জুন ভোটের তারিখ রেখে উপনির্বাচনের তফসিল ঘোষণা হলে গত ৪ মে সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. নায়েব আলী জোয়ারদারকে নৌকার মনোনয়ন দেয় ক্ষমতাসীন দল।  

ঘোষিত তফসিল অনুযায়ী এ উপ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল মঙ্গলবার। তবে হাই কোর্টের আদেশের ফলে আপাতত আর ভোট করার সুযোগ থাকল না।