Published : 12 Apr 2024, 12:18 PM
ইরান প্রতিশোধমূলক হামলা চালাতে পারে, এমন আশঙ্কার মধ্যে ইসরায়েলে নিজেদের কর্মীদের ভ্রমণে বিধিনিষেধ জারি করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে, তারা তাদের কর্মীদের বৃহত্তর জেরুজালেম, তেল আবিব ও বীর শেবার বাইরে কোথাও না যাওয়ার জন্য বলেছে।
১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে এক বিমান হামলায় ইরানের সামরিক বাহিনীর দুই ব্রিগেডিয়ারসহ ১৩ জন কর্মকর্তা নিহত হয়েছিলেন। এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে এর প্রতিশোধ নেওয়ার প্রত্যয় জানিয়েছে ইরান।
ইসরায়েল এ হামলার দায় স্বীকার না করলেও তারাই এর পেছনে ছিল বলে ব্যাপকভাবে বিবেচনা করা হচ্ছে; জানিয়েছে বিবিসি।
ইরানের সমর্থনপুষ্ট ফিলিস্তিনি গোষ্ঠী হামাস গাজায় ইসরায়েলের সঙ্গে লড়াই করছে। এর পাশাপাশি লেবাননের হিজবুল্লাহসহ মধ্যপ্রাচ্যে ইরানের বিভিন্ন ছায়া গোষ্ঠীর অনেকগুলোই ইসরায়েলের বিরুদ্ধে প্রায়ই হামলা চালাচ্ছে।
গাজা যুদ্ধ ওই অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়া ঠেকাতে ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টা চলার মধ্যেই ইরানি কনস্যুলেটে হামলার ঘটনাটি ঘটে।
বৃহস্পতিবার ভ্রমণ বিধিনিষেধের বিষয়ে প্রশ্নের উত্তরে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, এই সিদ্ধান্তের পেছনে যেসব ‘সুনির্দিষ্ট মূল্যায়ন’ কাজ করেছে তা প্রকাশ করবেন না তিনি।
শুধু বলেছেন, “এটা পরিষ্কার যে আমরা মধ্যপ্রাচ্যের এবং বিশেষভাবে ইসরায়েলের হুমকিতে থাকা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।”
যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারাও ইসরায়েলে তাদের কর্মীদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে। তারা জানিয়েছে, ইসরায়েল সরকার ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডে একটি হামলা হওয়ার ‘সম্ভাবনা’ বাড়িয়েছে, আর এ ধরনের কোনো হামলা হলে ‘ব্যাপক যুদ্ধ’ ছড়িয়ে পড়তে পারে।
গাজা যুদ্ধ শুরু হওয়ার সময় থেকেই ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের কর্মীদের জন্য ইসরায়েলের অধিকাংশ স্থানে এবং ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ভ্রমণের বিষয়ে সতর্কতা জারি করেছিল।
ইসরায়েলে ইরানের সম্ভাব্য হামলা নিয়ে উত্তেজনার মধ্যে জার্মান এয়ারলাইন লুফথানসা শনিবার পর্যন্ত ইরানের রাজধানী তেহরানে তাদের ফ্লাইট চলাচল স্থগিত করেছে।
ইরান সরাসরি ইসরায়েলে হামলা চালাবে না তাদের কোনো ছায়া বাহিনী তাদের হয়ে কাজটি করবে, তা শেষ খবর পর্যন্ত পরিষ্কার হয়নি। আগামী কয়েকদিনের মধ্যেই এ ধরনের একটি হামলা হতে পারে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: