Published : 10 Dec 2025, 02:16 PM
চলতি বছর বিশ্বে যত সাংবাদিক নিহত হয়েছে, তার প্রায় অর্ধেকের জন্য ইসরায়েলই দায়ী বলে জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)।
এ বছর গাজায় ইসরায়েলি বাহিনীর হাতে ২৯ ফিলিস্তিনি প্রতিবেদক মারা পড়েছে বলে মঙ্গলবার তাদের প্রতিবেদনে উঠে এসেছে।
বার্ষিক এ প্রতিবেদনে স্বাধীন গণমাধ্যমের লক্ষ্যে কাজ করা প্যারিসভিত্তিক গোষ্ঠীটি বলেছে, তাদের হিসাবে এ বছর এখন পর্যন্ত ৬৭ সাংবাদিক নিহত হয়েছেন, গত বছর এ সংখ্যা ছিল খানিকটা কম- ৬৬।
মোট ৬৭ সাংবাদিকের মধ্যে ৪৩ শতাংশের মৃত্যুতে ইসরায়েলি বাহিনীই দায়ী, যা তাদেরকে ‘সাংবাদিকদের সবচেয়ে বড় শত্রুতে’ পরিণত করেছে, প্রতিবেদনে আরএসএফ এমনটা বলেছে বলে এনডিটিভির এক প্রতিবেদনে উঠে এসেছে।
চলতি বছর সাংবাদিকদের ওপর সবচেয়ে প্রাণঘাতী হামলা হয়েছে ২৫ অগাস্ট। দক্ষিণ গাজার একটি হাসপাতালে তথাকথিত ‘ডবল ট্যাপ’ হামলায় ৫ সাংবাদিক মারা পড়েন, যার মধ্যে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসে কন্ট্রিবিউট করা দুইজনও ছিলেন।
২০২৩ সালের অক্টোবরে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর গাজায় এ পর্যন্ত প্রায় ২২০ সাংবাদিকের প্রাণ গেছে, যা দেখাচ্ছে গত তিন বছরে ইসরায়েলই বিশ্বে সবচেয়ে বেশি সাংবাদিক হত্যা করেছে, বলছে আরএসএফের তথ্য।
বিদেশি প্রতিবেদকদের জন্য এখনও গাজায় ঢোকা প্রায় অসম্ভব, কেবল ইসরায়েলি সামরিক বাহিনীর ব্যবস্থাপনায় কড়া নিয়ন্ত্রিত ভ্রমণের সুযোগ পেলেই ভূখণ্ডটিতে যাওয়া যাচ্ছে। গাজায় সাংবাদিকদের জন্য এ বিধিনিষেধ তুলতে বিভিন্ন গণমাধ্যম ও প্রেস ফ্রিডম নিয়ে কাজ করা গোষ্ঠীগুলো নিয়মিতই আহ্বান জানিয়ে আসছে।
আরএসএফের বার্ষিক প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত অন্তত তিন বছরের মধ্যে ২০২৫ সালেই সবচেয়ে বেশি সাংবাদিক হত্যা দেখেছে মেক্সিকো। বামপন্থি প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম সুরক্ষায় সহায়তা দেওয়া অঙ্গীকার করলেও দেশটিতে এ বছর ৯ সাংবাদিক খুন হয়েছেন।
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেইনে এ বছর সাংবাদিক মারা পড়েছে তিনজন, সুদানে চারজন। এ দুটো এখন বিশ্বে সাংবাদিকদের জন্য অন্যতম বিপজ্জনক দেশ।
২০১২ সালে বিশ্বে ১৪২ সাংবাদিক নিহত হয়েছিল, সিরিয়ার গৃহযুদ্ধের কারণে সংখ্যাটা এমন পর্যায়ে পৌঁছেছিল বলে ধারণা করা হয়। ২০০৩ সাল থেকে বিশ্বে প্রতি বছর গড়ে ৮০ সাংবাদিক হত্যা বা খুনের শিকার হয়ে আসছেন, সে তুলনায় গত বছর ও এ বছরের সংখ্যাটা কম।
আরএসএফের বার্ষিক প্রতিবেদনে বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে কত সাংবাদিক আটকে আছে তার তথ্যও দেওয়া হয়েছে। ১২১ সাংবাদিককে আটকে রেখে তালিকার সবচেয় সবার উপরে আছে চীন। রাশিয়ায় আছে ৪৮, মিয়ানমারে ৪৭। এ তিন দেশেই সাংবাদিকদের ওপর সবচেয়ে বেশি দমনপীড়ন হচ্ছে বলে আরএসএফের তথ্য দেখাচ্ছে।
চলতি বছর ১ ডিসেম্বর পর্যন্ত বিশ্বের ৪৭টি দেশে ৫০৩ সাংবাদিক বন্দি আছেন, বলছে তাদের প্রতিবেদন।