Published : 20 Jul 2026, 03:11 PM
‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের কার্যক্রম কতটুকু এগোচ্ছে তা জানতে বৈঠকে করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে সোমবার দুপুরে এই বৈঠক হয়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে।।
প্রধানমন্ত্রী তারেক রহমানরে সভাপতিত্বে বৈঠকে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে আলোচনা হয়।
বৈঠকে ধাপে ধাপে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিস্তারে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ, আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কার্যালয় বলছে, দেশের প্রকৃত উপকারভোগীদের কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা কার্যকর, স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছে দিতে একটি নির্ভুল ও গ্রহণযোগ্য তথ্যভাণ্ডার গড়ে তুলতে তাগিদ দিয়েছেন তারেক রহমান।
এ সময় তিনি তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
সরকার গঠনের পর তারেক রহমান তার নির্বাচনি অঙ্গীকার ফ্যামিলি কার্ড প্রদানের কার্যক্রম শুরু করেন।
এদিকে পরিবার শুমারির তথ্য সংগ্রহ ও যাচাই শেষে আগামী অক্টোবর থেকে সারা দেশে পূর্ণাঙ্গভাবে ফ্যামিলি কার্ড বিতরণ শুরুর আশা প্রকাশ করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন।
কদিন আগে শেষ হওয়া সংসদ অধিবেশনে তিনি বলেন, এ কর্মসূচির আওতায় প্রতিটি উপজেলায় গড়ে অন্তত ৮ হাজার পরিবারকে কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। সরকার চলতি অর্থবছরে ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলেও তথ্য দেন তিনি।
বৈঠকে সমাজকল্যাণমন্ত্রী এ. জেড. এম. জাহিদ হোসেন, প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ. বি. এম. আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক এস. এম. আব্দুল আওয়াল, বিএনপির নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অক্টোবর থেকে সারা দেশে ফ্যামিলি কার্ড বিতরণের আশা সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর