Published : 20 Jul 2026, 02:20 PM
মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রাম বাদে সব বিভাগে ভারি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ ওমর ফারুক সোমবার এক সতর্কবার্তায় জানান, এদিন সকাল ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে৷
সাধারণত ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে তাকে ‘ভারি’ বৃষ্টি বলা হয়। আর ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হলে তাকে ‘অতি ভারি’ বর্ষণ বলা হয়।
আবহাওয়ার সকালের বুলেটিনে বলা হয়েছে, মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ বিস্তৃত আছে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত।
মৌসুমি বায়ু উত্তরাঞ্চলে সক্রিয়, দেশের অন্য এলাকায় মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে বলে বুলেটিনে জানানো হয়েছে।
সকাল ৯টায় দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় এবং খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণের আভাস রয়েছে।
সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে নীলফামারীর ডিমলায়। এসময়ে সর্বোচ্চ ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল রাজশাহীতে।
ঢাকায় জলাবদ্ধতার শঙ্কা
রাজধানীতে ফের জলাবদ্ধতার শঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির।
তিনি সোমবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এদিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় ১৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এসময়ে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সিলেটে, ৫৪ মিলিমিটার।
“বর্ষণের কারণে রাজধানীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা হতে পারে। ঢাকার মিরপুর, কাজীপাড়ায় ৩০ মিলিমিটার বৃষ্টি হলেই অস্থায়ীভাবে এক হাঁটু পানি জমে যায়। এজন্য বলা হয়েছে, অস্থায়ীভাবে জলাবদ্ধতা হতে পারে।”