Published : 20 Jul 2026, 11:35 PM
নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় চার কোম্পানির আটটি পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
মান পরীক্ষা ও নিয়ন্ত্রণকারী সংস্থাটি বলছে, মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ, মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অণুজীবের উপস্থিতি রয়েছে পণ্যগুলোতে।
মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ পাওয়ায় ফ্রেশ গার্ডেন অ্যাগ্রো রিসোর্সেস আমের আচার এবং টোটাল মিল্ক সলিড নন ফ্যাট বাংলাদেশ মানের চেয়ে অতিরিক্ত মাত্রায় পাওয়ায় কাজী ফুড ইন্ডাস্ট্রিজের বেলিসিমো ব্র্যান্ডের রোটোন্ডো হ্যাজেলনাট কোটেড চকলেট আইসক্রিম বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মানবদেহের জন্য ক্ষতিকর অণুজীবের উপস্থিতি পাওয়ায় অলিভ বাংলাদেশ লিমিটেডের লাবণ্য ব্র্যান্ডের মিল্ক স্কিন লোশন, অ্যালোভেরা স্কিন লোশন, ফেসওয়াশ মোরিংগা+মাচা ফোমিং মিল্ক ও তুলসী এবং অ্যালোভেরা ভ্যারিয়েন্টের শ্যাম্পু বাজার থেকে তুলে নিতে বলা হয়েছে।
এ ছাড়া ডেকো ফুডসের ডেকো ফ্রুট ফান্ডা ব্র্যান্ডের ম্যাঙ্গো ও অরেঞ্জ ভেরিয়েন্টের সফট ড্রিংক পাউডারে বাংলাদেশ মানমাত্রার চেয়ে ভিটামিন ‘সি’ কম পাওয়ার কারণে সেটিও তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে বিএসটিআই।
সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসটিআই বলেছে, “পরীক্ষায় অকৃতকার্য পণ্যগুলোর বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ইতোমধ্যে প্রত্যাখ্যান পত্র দেওয়া হয়েছে। পণ্যের লাইসেন্স নবায়ন বা অনুমোদন না হওয়া পর্যন্ত এসব পণ্যের উৎপাদন, বিক্রয় ও বিতরণ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।”
কোম্পানিগুলোকে এসব পণ্য পরিবেশক, ডিলার, খুচরা বিক্রেতা ও বাজার থেকে অবিলম্বে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে বিএসটিআই।
পণ্য কেনার আগে ক্রেতাদের বিএসটিআইর মানচিহ্ন, লাইসেন্স নম্বর, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য যাচাই করার পরামর্শ দিয়েছেন বিএসটিআইর মহাপরিচালক কাজী ইমদাদুল হক।