১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘যুদ্ধবিরতির অনুরোধ করেছে ইরান, কিন্তু আগে হরমুজ খুলতে হবে’, দাবি ট্রাম্পের

তবে ইরান তাদের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির জন্য কোনও অনুরোধ জানানোর ট্রাম্পের দাবি ‘অসত্য ও ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে।

‘যুদ্ধবিরতির অনুরোধ করেছে ইরান, কিন্তু আগে হরমুজ খুলতে হবে’, দাবি ট্রাম্পের
ডনাল্ড ট্রাম্প। ছবি: বিবিসি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2026, 01:27 AM

Updated : 26 Aug 2026, 03:17 PM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ইরানের নতুন শাসনব্যবস্থার প্রেসিডেন্ট’ যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছেন।

ট্রুথ সোশালে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প ‘ইরানের প্রেসিডেন্ট’ কথাটি উল্লেখ করলেও কারও নাম নেননি; তবে তাকে বর্ণনা করেছেন, তার পূর্বসূরিদের তুলনায় অনেক কম উগ্র এবং অনেক বেশি বুদ্ধিমান হিসেবে।

ইরানের প্রেসিডেন্টের এই প্রশংসা করে ট্রাম্প বিবৃতিতে বলেছেন, “হরমুজ প্রণালি যখন খোলা, অবাধ ও নিরাপদ হবে, তখন আমরা বিষয়টি (যুদ্ধবিরতির অনুরোধ) বিবেচনা করব। 

“ততক্ষণ পর্যন্ত, আমরা ইরানকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার কাজ চালিয়ে যাব। যেমন তারা বলে, ‘প্রস্তর যুগে ফিরিয়ে দেব’।”

তবে ইরানের কাছ থেকে ট্রাম্পের যুদ্ধবিরতির অনুরোধ পাওয়ার দাবি অস্বীকার করেছে তেহরান। ইরানের পররাষ্ট্রদপ্তর বলেছে,  “এই দাবি অসত্য এবং ভিত্তিহীন। আমাদের পক্ষ থেকে যুদ্ধবিরতির অনুরোধ করা হয়নি।”

ট্রাম্প ইরানের ‘নতুন শাসনব্যবস্থার প্রেসিডেন্ট’ বলতে কাকে বোঝাতে চেয়েছেন তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।

এ সপ্তাহের শুরুর দিকে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র ইরানের পার্লামেন্ট স্পিকার বাকের কালিবাফের সঙ্গে আলোচনা চালাচ্ছে। তবে কালিবাফ ইরানের প্রেসিডেন্ট নন। তাকে এ পদে নিয়োগও দেওয়া হয়নি।

তাছাড়া, ইরানের ‘নুতন শাসনব্যবস্থা’র প্রতীক হচ্ছেন যুক্তরাষ্ট্রের হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মুজতাবা খামেনি।  ইরান তাকে নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ করেছে। 

আর বর্তমানে ইরানের প্রেসিডেন্ট আদতে মাসুদ পেজেশকিয়ান। ২০২৪ সাল থেকেই তিনি এ পদে আছেন। তিনি বলেছিলেন, ইরান যুদ্ধবিরতি মেনে নিতে প্রস্তুত; তবে কেবল নিরাপত্তার নিশ্চয়তা পেলেই ইরান সেটি মানবে।