Published : 18 Jul 2026, 01:58 PM
সর্বকালের সবচেয়ে বড় বিশ্বকাপের মেগা আয়োজন শেষের পথে। এখনই আরেকটি বিশ্বকাপের স্বাগতিক হওয়ার ছবি আঁকছেন ডনাল্ড ট্রাম্প। অদূর ভবিষ্যতেই আবার বিশ্বকাপ আয়োজন করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং এবার মেক্সিকো-কানাডাকে বাদ দিয়ে তারাই হতে চান একক স্বাগতিক।
ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারে শুক্রবার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং আন্তর্জাতিক ফুটবল তারকাদের জন্য একটি সংবর্ধনার আয়োজন করেন ট্রাম্প। সেখানেই তিনি ইচ্ছাপ্রকাশ করেন যুক্তরাষ্ট্রে আরেকটি বিশ্বকাপ আয়োজনের।
ফিফা সভাপতির দিকে তাকিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, “আপনাদের আবারও যুক্তরাষ্ট্রকেই বেছে নেওয়া উচিত। এবার আমরা কানাডা ও মেক্সিকোকে বাদ দেব।”
প্রথমবারের মতো এবার ৪৮ দল নিয়ে হচ্ছে বিশ্বকাপ। তিন দেশ বিশ্বকাপের স্বাগতিক হয়েও প্রথমবার। যদিও ১০৪ ম্যাচের মধ্যে যুক্তরাষ্ট্রই ৭৮টি ম্যাচের স্বাগতিক। যার মধ্যে কোয়ার্টার ফাইনাল থেকে শুরু করে পরবর্তী ১২টি ম্যাচ অন্তর্ভুক্ত।
আগামী বিশ্বকাপও যৌথভাবে আয়োজিত হবে তিন দেশে- স্পেন, পর্তুগাল ও মরক্কো। একাধিক মহাদেশে বিশ্বকাপ আয়োজন হবে সেটিই প্রথম। তবে শতবর্ষপূর্তি বিশ্বকাপ উপলক্ষে উদ্বোধনী ম্যাচটি হবে উরুগুয়েতে, ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপের আয়োজক ছিল তারা। একটি করে ম্যাচ হবে আর্জেন্টিনা ও প্যারাগুয়েতেও।
২০৩৪ বিশ্বকাপের স্বাগতিক সৌদি আরব।
২০৩৮ বিশ্বকাপের আয়োজক দেশ এখনও ঘোষণা করা হয়নি। যদিও ঐতিহাসিকভাবে কোনো দেশের জন্য ১২ বছরের ব্যবধানে আরেকটি বিশ্বকাপ আয়োজন করাটা অনেক দ্রুত বলেই মনে করা হয়। তবে ফিফা ২০৩০ এবং ২০৩৪ সালের টুর্নামেন্ট যে দেশগুলোকে বরাদ্দ করেছে, তাতে তারা একরকম নিজেদেরই একটি কোণঠাসা অবস্থায় ফেলেছে।
২০৩০ সালে যেহেতু আফ্রিকা, ইউরোপ এবং দক্ষিণ আমেরিকায় আয়োজন করা হবে এবং ২০৩৪ সালের শ্বকাপ এশিয়ায় হবে, তাই ফিফার বর্তমান আয়োজক নিয়ম অনুযায়ী, ২০৩৮ বিশ্বকাপ আয়োজনের জন্য শুধুমাত্র উত্তর আমেরিকা এবং ওশেনিয়া মহাদেশই যোগ্য।
এই অনুষ্ঠানে ট্রাম্প খোলাসা করেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও চীনের যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা নিয়ে তার সঙ্গে কথা বলেছেন ফিফা সভাপতি।