Published : 18 Jul 2026, 05:26 PM
প্রতিদিনই আঙুলে ব্যথা অনুভব করছেন এমিলিয়ানো মার্তিনেস। কিন্তু ডাক্তারের পরামর্শ মেনে অস্ত্রোপচারের টেবিলে যেতে মন সায় দিচ্ছে না। স্পেনের বিপক্ষে ফাইনালের প্রস্তুতিও এই আর্জেন্টাইন গোলকিপার নিচ্ছেন, আঙুলের ব্যথা সহ্য করে।
নিউ ইয়র্কে ২০ জুলাই বাংলাদেশ সময় ১টায় (এএম) উত্তর আমেরিকা বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। লামিন ইয়ামাল, মিকেল ওইয়ারসাবালদের আক্রমণের ঝড় সামলে আর্জেন্টিনার পোস্ট আগলে রাখার দায়িত্ব থাকবে মার্তিনেসের কাঁধে।
চার বছর আগে, কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার পোস্ট দারুণ বিশ্বস্ততায় আগলে রেখেছিলেন মার্তিনেস। ফাইনালে বেশ কিছু দুর্দান্ত সেভের পর, টাইব্রেকারে ফ্রান্সের কিংসলে কুমানের শট আটকে দিয়েছিলেন ৩৩ বছর বয়সী এই গোলকিপার।
স্পেনের বিপক্ষে ফাইনালের আগে লুসাইলের সেই মহাকাব্যিক ম্যাচের দিকেও ফিরে তাকালেন, সেবার গোল্ডেন গ্লাভস জেতা মার্তিনেস।
“আমরা যা অর্জন করেছি, তা ভেবে মাঝেমাঝে আমি একাকী কাঁদি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, এই মুহূর্তটা উপভোগ করা। কেননা, এগুলোই আজীবন আমাদের সাথে থাকবে।”
গত মৌসুমের শেষ দিকে আঙুরে চোট পান মার্তিনেস। বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচে এর জন্য খেলতে পারেননি তিনি। ওই চোট থেকে পাওয়া ব্যথা নিয়েই খেলে যাচ্ছেন তিনি। গোলকিপারদের কষ্ট বোঝাতে গিয়ে তিনি বাবা-মায়েদের দিলেন অন্যরকম পরামর্শও।
“এটা (আঙুলের ব্যথা) প্রতিদিনই কষ্ট দেয়। আমি অস্ত্রোপচার এড়িয়ে চলি। ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র-সবখানেই বিশেষজ্ঞরা আমাকে অস্ত্রোপচারের কথা বলে…আমি দলের সাথে প্রথম ধাপে অনুশীলন করতে পারি না। অবশ্য গ্রুপ পর্বের পর থেকে ভালো অনুভব করছি।
“বাবা-মায়েদের কাছে আমরা চাওয়া, তাদের সন্তান যেন ফরোয়ার্ড হয়, গোলকিপার না হয়।”