Published : 18 Jul 2026, 05:16 PM
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে খুনের ঘটনায় আটক তিনজনসহ ১২ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে।
ঘটনার দুই দিন পর শুক্রবার রাতে জাহাঙ্গীরের স্ত্রী তসলিমা আক্তার চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন বলে জানান মিঠামইন থানার ওসি মনোয়ার হোসেন।
মামলায় তিনজনের নাম উল্লখসহ অজ্ঞাতপরিচয় আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ঘটনার দিন রাতেই তিনজনকে আটক করে পুলিশ।
আটক তিনজনকে শনিবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান ওসি।
তারা হলেন- বরগুনার বামনা উপজেলার চাকাতাসুনিয়া গ্রামের প্রয়াত সুলতান মীরনের ছেলে মো. হেলাল (২৪), লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সুধামপুর গ্রামের নূর হোসেনের ছেলে মহিন উদ্দিন (৩২) এবং একই উপজেলার মধ্যপাড়া গ্রামের মো. রহমত উল্লাহ খোকনের ছেলে মো. শাহিন আলম ওরফে শাকিল (২৭)।
বুধবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার বেড়িবাঁধ এলাকায় বাসার সামনে বিএনপি নেতা জাহাঙ্গীরকে কুপিয়ে ও ছুরিকাঘাত করা হয়। পরে গুরুতর অবস্থায় তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ঘটনার সময় নিজ বাসভবনে প্রবেশের সময় আগে থেকে ওৎ পেতে থাকা একদল লোক পূর্ব পরিকল্পিতভাবে দেশি অস্ত্র নিয়ে জাহাঙ্গীরের ওপর অতর্কিত হামলা চালায়।
ওসি মনোয়ার হোসেন বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে। সেইসঙ্গে হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
শুক্রবার দুপুরে জুমার নামাজের পর কাঠ বাজার সংলগ্ন পারিবারিক গোরস্তানে জাহিদুল আলম জাহাঙ্গীরকে দাফন করা হয়।