Published : 17 Jul 2026, 10:52 PM
সন্ত্রাসী হামলায় নিহত কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের দাফন সম্পন্ন হয়েছে।
এ হত্যার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।
শুক্রবার দুপুরে জুমার নামাজের পর মিঠামইন উপজেলা হেলিপ্যাড মাঠে জাহাঙ্গীরের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে উপজেলার কাঠ বাজার সংলগ্ন পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।
জানাজায় জেলা বিএনপির সভাপতি পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিটামইন ও অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ফজলুর রহমান অংশ নেন।
নেতারা জাহাঙ্গীরের আত্মার মাগফিরাত কামনা, পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে এ ঘটনায় জড়িতদের বিচারের প্রতিশ্রুতি দেন।
বুধবার রাতে উপজেলা সদরের বেড়িবাঁধ এলাকার বাসার সামনে সন্ত্রাসীরা জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে ও ছুরিকাঘাতে গুরুতর আহত করে। তাকে আশঙ্কাজনক অবস্থায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়া হলে চিকিৎসক আনন্দ বসাক মৃত ঘোষণা করেন।
জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মিঠামইন থানার ওসি মনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি।
মির্জা ফখরুলের শোক-নিন্দা
বিএনপি নেতা জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও শোক জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এক বিবৃতিতে তিনি বলেন, “আওয়ামী স্বৈরাচারের পতন হলেও তাদের অনুসারীদের অস্ত্রের ঝনঝনানি থেমে নেই। তার ধারাবাহিকতায় জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু এভাবে খুন-জখমের মাধ্যমে আওয়ামী লীগের লুটপাটের রাজত্ব আর ফিরে আসবে না।”
আরও পড়ুন: