১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আদিম গ্রহাণুর নমুনা নিয়ে আরও তথ্য দেবে নাসা

এদিকে, অ্যাফোসিস নামে পরিচিত আরেক গ্রহাণুর দিকে পাড়ি জমিয়েছে অসিরিস-রেক্স। তবে, এবারের মিশনের নাম ‘অসিরিস-এপেক্স’।

আদিম গ্রহাণুর নমুনা নিয়ে আরও তথ্য দেবে নাসা

|

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2023, 05:52 PM

Updated : 09 Oct 2023, 05:52 PM

আদিম গ্রহাণু ‘বেন্নু’ থেকে বিভিন্ন নমুনা পৃথিবীতে এনেছে নাসার নভোযান ‘অসিরিস-রেক্স’। সে সম্পর্কে আরও তথ্য প্রকাশ করতে পারে মার্কিন এই মহাকাশ গবেষণা সংস্থাটি।

প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, আসন্ন ১১ অক্টোবর বুধবার পূর্বাঞ্চলীয় সময় সকাল ১১টায় একটি লাইভস্ট্রিমের আয়োজন করেছে নাসা।

২৪ সেপ্টেম্বর গ্রহাণুটি থেকে পাথর ও ধুলো নিয়ে যুক্তরাষ্ট্রের ইউটাহ মরুভূমির এক সামরিক ঘাঁটিতে নেমে আসে অসিরিস-রেক্স নভোযানটি। এর পর নমুনাগুলোর প্রাথমিক বিশ্লেষণ করেছেন গবেষকরা।

২০১৬ সালে উৎক্ষেপিত হওয়ার পর ২০২০ সাল থেকেই গ্রহাণুটির পাথর ও ধুলা সংগ্রহ শুরু করেছিল নভোযানটি। পরবর্তীতে ২০২১ সালের মে মাসে পৃথিবীর দিকে রওনা দেয় এটি।

গত মাসে নভোযানটি অবতরণের পর টেক্সাসে নাসার জনসন স্পেস সেন্টারে আনা হয় গ্রহাণুর নমুনা থাকা ছোট বাক্সটি। এদিকে, অ্যাফোসিস নামে পরিচিত আরেক গ্রহাণুর দিকে পাড়ি জমিয়েছে অসিরিস-রেক্স। তবে, এবারের মিশনের নাম ‘অসিরিস-এপেক্স’।

বেন্নুর আনুমানিক বয়স সাড়ে চারশ কোটি বছর। এর মানে, সৌরজগৎ গঠন থেকে শুরু করে পৃথিবীতে জীবনের উৎপত্তি সম্পর্কেও তথ্য মেলার সম্ভাবনা আছে এতে। আর বিজ্ঞানীদের দাবি, তারা এতে প্রত্যাশার চেয়েও বেশি নমুনা সংগ্রহ করতে পেরেছেন।

“এত বেশি নমুনা থাকাটাই ‘মধুর সমস্যা’ মনে হচ্ছে। তাই এর সম্পর্কে তথ্য পেতেও সময় লাগছে।” --বলেন অরিসিস-রেক্সের নিরাময় বিভাগের উপ প্রধান ক্রিস্টোফার স্নাইডার।

তবে, আসন্ন লাইভস্ট্রিমে এ বিষয়ে আরও তথ্য মিলবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ইন্ডিপেন্ডেন্ট।