২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজস্ব এআই প্রশিক্ষণ চিপের পরীক্ষা শুরু করছে মেটা

পরীক্ষাটি সফল হলে বড় আকারে ব্যবহারের জন্য চিপের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা রয়েছে মেটার।

নিজস্ব এআই প্রশিক্ষণ চিপের পরীক্ষা শুরু করছে মেটা
ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2025, 05:49 PM

Updated : 26 Aug 2026, 12:00 PM

কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেম প্রশিক্ষণের জন্য প্রথমবারের মতো নিজস্ব এআই চিপ নিয়ে পরীক্ষা শুরু করেছে ফেইসবুকের মূল কোম্পানি মেটা।

কোম্পানিটির এমন পদক্ষেপ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স। 

এ সংশ্লিষ্ট দুটি সূত্র বলছে, নিজস্ব কাস্টম চিপ ডিজাইনের মাধ্যমে এনভিডিয়ার মতো বাইরের চিপের ওপর নির্ভরতা কমানোর দিকে এগিয়ে যেতেই এমন পদক্ষেপ নিয়েছে তারা।

সূত্র দুটি আরও বলেছে, ছোট পরিসরে চিপ তৈরির কাজটি শুরু করেছে বিশ্বের অন্যতম বড় সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট কোম্পানিটি। এ পরীক্ষাটি সফল হলে বড় আকারে ব্যবহারের জন্য চিপের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা রয়েছে মেটার।

নিজেদের বিশাল অবকাঠামোগত ব্যয় কমাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে নিজস্ব চিপ তৈরির এ উদ্যোগ নিল মেটা। প্রবৃদ্ধি বাড়ানোর লক্ষ্যে কোম্পানিটি এআই টুলের ওপর ব্যয়বহুল বিনিয়োগ করেছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

২০২৫ সালে ১১ হাজার চারশ কোটি থেকে ১১ হাজার ৯০০ কোটি ডলারের মোট ব্যয়ের আনুমানিক হিসাব দিয়েছে ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল কোম্পানি মেটা। যার মধ্যে সাড়ে ছয় হাজার কোটি ডলারের মূলধনী ব্যয়ও অন্তর্ভুক্ত রয়েছে, যা মূলত এআই অবকাঠামোতে ব্যয় করবে কোম্পানিটি।

একটি সূত্র বলেছে, মেটার এই নতুন প্রশিক্ষণ চিপটি একটি ডেডিকেটেড অ্যাক্সিলারেটর। যার মানে চিপটিকে কেবল এআইনির্ভর নির্দিষ্ট কিছু কাজ করার জন্য ডিজাইন করেছে কোম্পানিটি, যা এটিকে এআই কাজের জন্য ব্যবহৃত ইন্টিগ্রেটেড গ্রাফিক্স প্রসেসিং ইউনিট বা জিপিইউ-এর চেয়েও শক্তিসক্ষম করে তুলতে পারে।

চিপটি উৎপাদনে তাইওয়ানভিত্তিক চিপ নির্মাতা কোম্পানি টিএসএমসি’র সঙ্গে কাজ করছে মেটা।

আরেকটি সূত্র বলছে, চিপের প্রথম ‘টেপ আউট’ শেষ করার পরে পরীক্ষামূলকভাবে এটি তৈরির কাজ শুরু করেছে মেটা, যা চিপ উন্নয়নের কাজে তাদের সাফল্যের একটি চিহ্ন। এর মাধ্যমে প্রাথমিক চিপের একটি ডিজাইনও কারখানায় পাঠিয়েছে কোম্পানিটি। 

তবে এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে রাজি হয়নি মেটা ও টিএসএমসি।