২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে প্রাক্তন শিক্ষার্থীদের সম্মাননা দিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকে

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বার্কিং অ্যান্ড ডেগেনহ্যাম কাউন্সিলের মেয়র মঈন কাদরী।

যুক্তরাজ্য প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2025, 08:08 AM

Updated : 26 Aug 2026, 12:32 PM

যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকে উদযাপন করলো তাদের পাঁচ বছর পূর্তি এবং প্রাক্তনদের সম্মাননা প্রদান অনুষ্ঠান।

বৃহস্পতিবার লন্ডনের বার্কিং টাউন হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বার্কিং অ্যান্ড ডেগেনহ্যাম কাউন্সিলের মেয়র মঈন কাদরী।

এতে ক্লাবের প্রথম দিকের সদস্য এবং পরিচালনা পরিষদের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক। 

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন থার্ড সেক্টরের পরামর্শক বিধান গোস্বামী। পুরো আয়োজন পরিচালনা করেন ক্লাবের প্রতিনিধি ও পলিটিকা টিভির প্রধান সম্পাদক তানভীর আহমেদ।

শুভেচ্ছা বক্তব্য দেন প্রাক্তন শিক্ষার্থীদের কয়েকজন প্রতিনিধি—ব্যারিস্টার আনিস রহমান, ব্যারিস্টার চৌধুরী হাফিজুর রহমান, ব্যারিস্টার কাজী আশিকুর রহমান, আমীরুল ইসলাম (সোনালী ব্যাংক ইউকের সাবেক উপ-প্রধান), ব্যারিস্টার অজয় রায় রতন, প্রদীপ মজুমদার, ঝুমুর দত্ত, মুজাহিদুল ইসলাম, লাবনী রেজা, শওগত আলী বেনু, জাহানারা পলি, ফাতেহা পলি এবং হিমিকা ইমাম।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিদের পক্ষে বক্তব্য দেন লন্ডনের ইউনিভার্সিটি কলেজের ঝুঁকি ও দুর্যোগ বিষয়ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ শামছুদ্দোহা।

আলোচনায় বক্তারা বলেন, প্রবাসে থেকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ধরে রাখতে প্রাক্তন শিক্ষার্থীদের অবদান গুরুত্বপূর্ণ। ক্লাব ইউকের পক্ষ থেকে প্রস্তাবনা দেওয়া হয়েছিল, যাতে বিশ্বজুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রাক্তনদের খণ্ডকালীনভাবে পাঠদানে যুক্ত করা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি ইতোমধ্যে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছে।

তারা আরও জানান, শিক্ষা ও গবেষণার মান বাড়াতে ক্লাব ইউকে ‘গ্লোবাল শিক্ষা আলোচনা সভা’ আয়োজন করে, যেখানে অক্সফোর্ড, কেমব্রিজ ও ইউসিএলের মতো বিশ্ববিদ্যালয়ের পাঠদান ও মূল্যায়ন পদ্ধতির কথা তুলে ধরা হয়।

এই আয়োজনে ৩০ জন প্রাক্তন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়, যারা ক্লাবের নানা কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন এবং বিদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম বাড়াতে ভূমিকা রেখেছেন।

ব্যারিস্টার আনিস রহমানকে আজীবন সম্মাননা প্রদান করা হয়, প্রবাসে থেকেও যার নেতৃত্বে ক্লাবের কার্যক্রম ধারাবাহিকভাবে বিস্তৃত হয়েছে।

ক্লাবের পৃষ্ঠপোষকদের মধ্যে সম্মাননা স্মারক গ্রহণ করেন গোলাম মর্তুজা (এএইচজেড অ্যাসোসিয়েটস), ব্যারিস্টার সঞ্জয় কুমার রায় (স্টোনব্রিজ লিগ্যাল সলিউশন্স) এবং সামিস স্টুডিওর প্রতিনিধি।

কবিতা চর্চায় অবদানের জন্য ক্লাব সদস্য নীলা নিকিকে দেওয়া হয় বিশেষ সম্মাননা, তার লেখা ১০টি কবিতার বই প্রকাশ উপলক্ষ্যে।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন নন্দিতা মুখার্জি ও সারোয়ার ই আলম। সবশেষে বর্ষপূর্তির কেক কাটা হয় মেয়র মঈন কাদরী ও ক্লাব সদস্যদের অংশগ্রহণে।