২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে লেনদেন কমল টানা ৪ দিন, সূচক বাড়ল তিন দিন পর

মোট লেনদেন ৪১১ কোটি টাকা। এর মধ্যে ১৩টিতেই হাতবদল হয়েছে ২০৪ কোটি টাকার বেশি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2023, 03:45 PM

Updated : 12 Apr 2023, 03:43 PM

রোজার তৃতীয় সপ্তাহে এসে টানা চার কর্মদিবস লেনদেন কমল পুঁজিবাজারে; সেই লেনদেনেও নেই ভারসাম্য।

টানা তিন কর্মদিবস কিছুটা কমলেও চতুর্থ দিন সার্বিক সূচক ডিএসইএক্স কিছুটা বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ৩৯২টি কোম্পানির মধ্যে বুধবার হাতবদল হয়েছে ৩১০টির শেয়ার। অথচ লেনদেনের অর্ধেকই ছিল ১৩টি কোম্পানিতে।

৭৮টি কোম্পানির একটি শেয়ারও লেনদেন হয়নি। বাকি কোম্পানির মধ্যে ১২টি কোম্পানির কেবল একটি করে শেয়ার হাতবদল হযেছে। সব মিলিয়ে ২৮টি কোম্পানির ১০টিরও কম শেয়ার লেনদেন হয়। আরও ৩৪টি কোম্পানির ১০ থেকে সর্বোচ্চ ১০০টি কোম্পানির শেয়ার হাতবদল হয়।

আরও এক দিন দর বৃদ্ধির শীর্ষে স্বল্প মূলধনী ও লোকসানি কোম্পানির আধিক্য দেখা গেল। ভালো লভ্যাংশের পরও ব্যাংক খাতের শেয়ারে কোনো আগ্রহই ফেরেনি। এমনকি প্রতি বছর দারুণ লভ্যাংশ দিয়ে আসা বহুজাতিক কোম্পানিগুলোও ‘ঘুমিয়ে’।

টাকার অংকে লেনদেন ছিল ৪১১ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা। আগের দিন লেনদেন ছিল ৪৪২ কোটি টাকার বেশি।

গত ৬ এপ্রিলে লেনেদন ছয়শ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার পরের দিন প্রতি দিনই লেনদেন পাঁচশ কোটির নিচে থাকল। ৯ এপ্রিল লেনদেন ছিল ৪৯৮ কোটি টাকার বেশি, পরের দিন তা নামে ৪৭০ কোটি টাকার কাছাকাছি।

যে লেনদেন হয়েছে তার মধ্যে শীর্ষ ২০ কোম্পানিতে হাতবদল হয়েছে ২৫২ কোটি ২০ লাখ ৮১ হাজার, অর্থাৎ মোট লেনদেনের ৬০ শতাংশের বেশি হয়েছে এই কটিতেই।

এর মধ্যে কেবল ১৩টিতে লেনদেন হয়েছে ২০৪ কোটি ৪৫ লাখ টাকার বেশি, অর্থাৎ মোট লেনদেনের অর্ধেক।

সব মিলিয়ে ১০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে ১১টি কোম্পানিতে, এক কোটি টাকার বেশি লেনদেন হয়েছে ৫৫টি কোম্পানিতে।

এদিন বেড়েছে মোট ৭৫টি কোম্পানির দর, দর হারিয়েছে ৩৪টি আর আগের দিনের দরে ফ্লোর প্রাইসে লেনদেন হয়েছে ২০১টি কোম্পানি।

দিন শেষে সূচক আট পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২০৪ পয়েন্ট। আগের তিন কর্মদিবসে যথাক্রমে ৫, ১২ ও ০.১৮ পয়েন্ট কমেছিল সূচক।

দর বৃদ্ধির শীর্ষে ফের ‘দুর্বলের’ প্রাধান্য

এই তালিকার শীর্ষে কমপক্ষে ১০ শতাংশ লভ্যাংশ দেওয়া ‘এ’ ক্যাগাটরির কোম্পানি দেখা গেছে চারটি। তবে এই তিনটি কোম্পানির মধ্যে দুটির শেয়ারদর তার মৌলভিত্তির তুলনায় বেশি কি না, তা নিয়ে আলোচনা আছে।

এর মধ্যে দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের দর ৮.৭৩ শতাংশ বেড়ে হয়েছে ৩১১ টাকা ২০ পয়সা। বছরের পর বছর ধরে একশ টাকার নিচে লেনদেন হওয়া কোম্পানিটির শেয়ার গত বছরের জুলাইয়েও ছিল ৮০ টাকার ঘরে। সেপ্টেম্বরে তা ছুঁয়ে ফেলে এক হাজার টাকা।

এছাড়া পঞ্চম স্থানে থাকা এডিএন টেলিকমের দর ৫.৩২ শতাংশ, নবম স্থানে থাকা আমরা নেটওয়ার্কের দর ৪.১২ শতাংশ এবং দশম স্থানে থাকা ইউনিক হোটেলের দর বেড়েছে ৩.৪২ শতাংশ।

বৃদ্ধির শীর্ষে দুর্বল মৌলভিত্তির জীবন বীমা কোম্পানি প্রাইম লাইফের দর বেড়েছে ৯.৮৮ শতাংশ। গত এক যুগেও কখনও ১০ শতাংশ লভ্যাংশ নিতে না পারা ফাইন ঢুডসের দর ৬.৭৪ শতাংশ, তালিকাভুক্তর ১০ বছরে ৫ বছরই লভ্যাংশ দিতে না পারা সানলাইফ ইন্স্যুরেন্সের দর ৫.৯০ শতাংশ, অর্ধবার্ষিকে ১০ টাকার শেয়ার প্রতি ২৬ টাতকা ৬৯ টাকা লোকসান দেওয়া শ্যামপুর সুপারের দর ৪.৫২ শতাংশ, এবং গত ছয় বছরেও কখনও শেয়ারপ্রতি এক টাকা মুনাফা করতে না পারা ন্যাশনাল ফিডমিলের শেয়ারদর বেড়েছে ৩.৪৯ শতাংশ।

আরও দুটি কোম্পানির দর ৩ শতাংশের বেশি, ১২টির দর ২ শতাংশের বেশি এবং ২২টি কোম্পানির দর বেড়েছে এক থেকে দুই শতাংশের মধ্যে।

মিডল্যান্ড এবার পতনের শীর্ষে

ব্যাংক খাত ঘুমিয়ে থাকার মধ্যে হঠাৎ নতুন তালিকাভুক্ত মিডল্যান্ডের শেয়ারদর বাড়ছিল গত সপ্তাহের শেষে। তবে এই ব্যাংকটিকে এবার পাওয়া গেল দরপতনের শীর্ষ তালিকায়।

আগের দিনের চেয়ে ৪.৩৪ শতাংশ হারিয়ে শেয়ারদর এখন স্থির হয়েছে ১৩ টাকা ২০ পয়সায়। দিনের শুরুতে দর উঠে গিয়েছিল ১৪ টাকা ১০ পয়সায়।

এই ব্যাংকটির শেয়ারদর আগে তালিকাভুক্ত ১৩টির চেয়ে বেশি এখনও।

এছাড়া প্রগতি লাইফের দর ৪.৭৭ শতাংশ, বিচ হ্যাচারির দর ৩.৬৮ শতাংশ, বিডিওয়েল্ডিংয়ের দর ২.৯০ শতাংশ, সিমটেক্স ২.৬৮ শতাংশ, ডেল্টা লাইফ ২.৬৫ শতাংশ, মেঘটা পেট ইন্ডাস্ট্রিজ ২.৫৮ শতাংশ, বেঙ্গল উইন্ডসর ২.২৫ শতাংশ, উসমানিয়া গ্লাস ১.৮১ শতাংশ এবং বিডি অটোকার ১.৭৮ শতাংশ দর হারিয়েছে।

শীর্ষ দশের বাইরে আরও চারটি কোম্পানির দর কমেছে এক শতাংশের বেশি।