‘রেফারি-বার্সা কেলেঙ্কারি’ নয়, ক্লাসিকো ঘিরেই সব মনোযোগ শাভির
রিয়াল মাদ্রিদকে ফের হারিয়ে কোপা দেল রের ফাইনালে যাওয়ার প্রত্যয় বার্সেলোনা কোচের।
অর্থের বিনিময়ে রেফারিদের প্রভাবিত করার অভিযোগে চার দিক থেকে বেশ চাপে আছে বার্সেলোনা। দলটির কোচ শাভি এর্নান্দেস যদিও দাবি করলেন, মাঠের বাইরের বিষয় দলের ভেতরে কোনো প্রভাব ফেলছে না। আপাতত তাদের সব মনোযোগ কেবল আসছে ক্লাসিকোর দিকে।
স্পেনের রেফারি কমিটির সাবেক ভাইস প্রেসিডেন্ট হোসে মারিয়া এনরিকেস নেগরেইরাকে বার্সেলোনার অর্থ দেওয়ার অভিযোগ তদন্ত করছে স্পেনের পাবলিক প্রসিকিউটর অফিস। বিষয়টির তদন্তে নেমেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থা উয়েফাও।
১৯৯৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত স্পেনের রেফারিদের টেকনিক্যাল কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলেন নেগরেইরা। ২০০১ থেকে ২০১৮ সালের মধ্যে নেগরেইরার কোম্পানি ‘ডিএএসএনআইএল নাইন্টি ফাইভ’-কে বার্সেলোনার পক্ষ থেকে ৭৩ লাখ ইউরো দেওয়ার অভিযোগ আছে।
গত ফেব্রুয়ারিতে শুরুতে খবর বের হয়, ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে নেগরেইরার কোম্পানিকে ১৪ লাখ ইউরো দিয়েছে বার্সেলোনা।
স্পেনে আইনি সীমাবদ্ধতার কারণে লা লিগা কোনো ব্যবস্থা নিতে পারে না। বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে উয়েফা সভাপতি আলেকসান্দের চেফেরিন সোমবার বলেন, তাদের তদন্তের জন্য এই ধরনের কোনো বিধিনিষেধ নেই।
বার্সেলোনা অবশ্য শুরু থেকে অভিযোগ অস্বীকার করে আসছে।
কাম্প নউয়ে বুধবার কোপা দেল রের সেমি-ফাইনালের ফিরতি লেগে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগের দিন সংবাদ সম্মেলনে শাভি বললেন, এই ম্যাচ ঘিরেই তাদের সকল ভাবনা। চিরপ্রতিদ্বন্দ্বীদের ফের হারিয়ে ফাইনালে ওঠার প্রত্যয় সাবেক এই মিডফিল্ডারের কণ্ঠে।
“খেলাধুলার বাইরের বিষয়গুলি লকার রুমে যায় না। কীভাবে রক্ষণ সামলাব, কীভাবে আক্রমণ করব, এসব নিয়ে আমরা কথা বলি। আমরা উয়েফা বা নেগরেইরাকে নিয়ে কথা বলছি না।”
“আমরা কাপ ম্যাচে মনোযোগ দিচ্ছি, ম্যাচটা ক্লাসিকো, তারা (রিয়াল) প্রতিশোধ নিতে আসবে এবং আমরা দেখাতে চাই যে, আবার জিততে পারি।”
বার্সেলোনাকে নিয়ে স্পেনের পাবলিক প্রসিকিউটর অফিসে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসের বিরুদ্ধে। এই বিষয়ে তেবাসকে জনসম্মুখে ব্যাখ্যা দিতে বলেছে কাতালান ক্লাবটি। একই সঙ্গে তার পদত্যাগের দাবিও তুলেছে তারা।
এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি শাভি।
"আমি তাকে (তেবাস) চিনি না, আমরা একে অপরকে দুই-তিনবার অভিবাদন জানিয়েছি এবং আমার কোনো মতামত নেই।”
প্রথম লেগে রিয়ালের মাঠে ১-০ গোলে জিতে এসেছে বার্সেলোনা। ফিরতি দেখায় তবু কার্লো আনচেলত্তির দলকেই ফেভারিট মানছেন শাভি।
"যখন দুই লেগের খেলা হয়, তখন আমার মনে হয় এটি খুব কঠিন। তারা সবশেষ দুই লেগের লড়াই হেরেছে, কতদিন পার হয়েছে? এ কারণে আমার কাছে ১-০ গোলে পিছিয়ে থাকা স্বত্ত্বেও তারা এখনও ফেভারিট। তাদের চাপ আমাদের চেয়ে বেশি।”
