১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় ২ লাখ টাকায় কর্মী পাঠানো যাবে: প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর এই খরচ সরকার নিশ্চিত করতে পেরেছে বলেছেন তারেক রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 06:36 PM

Updated : 18 Nov 2026, 06:35 PM

মালয়েশিয়ায় স্বল্প খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার। এরমধ্যে এক হাজার থাকবে বিগত সরকারের আমলে গুম-খুনে নির্যাতিতদের পরিবার এবং জুলাই আন্দোলনে হতাহত পরিবারের সদস্যরা।

একইসঙ্গে যারা মালয়েশিয়া যাবেন তাদের মোট খরচ যাতে সর্বোচ্চ ২ লাখ টাকার ভেতরে থাকে তা নিশ্চিত করার কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংসদের চতুর্থ অধিবেশনে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোকাল পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসানের সম্পূরক প্রশ্নের জবাবে সরকার প্রধান এই তথ্য দেন।

প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশ থেকে বহু শ্রমিক মালয়েশিয়াতে গমন করে। কয়েকদিন আগে আমাদের প্রবাসী ও শ্রম বিষয়ক মন্ত্রী (আরিফুল হক চৌধুরী) জানিয়েছেন যে, মালয়েশিয়াতে আমরা আল্লাহর রহমতে আলোচনার মাধ্যমে সফলভাবে কর্মী প্রেরণে যে সমস্যা ছিল, তার সমাধান করতে সক্ষম হয়েছি। আমরা সম্পূর্ণ বিনা খরচে অর্থাৎ সেখানে যাওয়ার যে খরচটি লাগে সামান্য কিছু বিষয় আছে এখানে শ্রমিকরা সেই খরচটি ব্যয় করার মাধ্যমে বলা যায় প্রায় বিনামূল্যে প্রায় ১০ হাজার মানুষকে মালয়েশিয়াতে ইনশাল্লাহ পাঠাতে সক্ষম হব।

“এই ১০ হাজারের মধ্যে এক হাজার বিগত স্বৈরাচারের সময় যারা গুম-খুনের শিকার হয়েছে, ২৪ এর আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছে বা হতাহত হয়েছে এরকম (পরিবারের সদস্যরা) এক হাজার মানুষ আমরা পাঠানোর উদ্যোগ গ্রহণ করেছি। আমরা কথাবার্তা বলে চেষ্টা করেছি, যারা মালয়েশিয়া যাবেন তাদের যাওয়ার খরচ যাতে সর্বোচ্চ ২ লাখ টাকার ভেতরে থাকে। এই খরচটা আমরা মোটামুটিভাবে নিশ্চিত করতে এখন পর্যন্ত সক্ষম হয়েছি।”

তবে পশ্চিম এশিয়ার অন্যান্য দেশেও যখন শ্রমিকরা যাবেন তাদের ক্ষেত্রে যাতে অল্প খরচ করা সম্ভব হয় সেই প্রক্রিয়া চলছে বলে জানান তারেক রহমান।

বিদেশে কর্মী প্রেরণে সিন্ডিকেটের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, “সিন্ডিকেট বা মানুষকে ঠকানোর বিষয়টি প্রকট আকার ধারণ করেছিল পলাতক স্বৈরাচারের সময়। আমরা দেখেছি, কিভাবে তাদের লোকজন এই দেশের মানুষকে ঠকিয়ে বিদেশে নিয়ে যাওয়ার নাম করে তাদের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছে।

“বেশ কয়েকটি দেশ স্বৈরাচারের তৈরি করা সিন্ডিকেটের কারণে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বলা যায় প্রায় বন্ধই রেখেছিল, স্থগিত করে দিয়েছিল অথবা অনেক ক্ষেত্রে ধীর করে দিয়েছিল। সরকার কাজ করছে এসব সিন্ডিকেট যারা মানুষকে ঠকিয়ে অর্থ আত্মসাৎ করছে, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য।”

এর আগে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বিকাল সোয়া ৪টায় সংসদ অধিবেশন শুরু হয়। দিনের কর্মসূচির প্রথম ত্রিশ মিনিট ছিল প্রধানমন্ত্রীর প্রশ্নকাল।

বর্তমানে দেশে রিজার্ভের পরিমান ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলার।

সংসদের চতুর্থ অধিবেশনে এ দিন প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোকাল পর্বে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক দেশের বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে প্রশ্ন করেন।

জবাবে তারেক রহমান বলেন, “২০২৪ সালের ৮ অগাস্ট সাপ্তাহিক ভিত্তিতে যে হিসাব বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ সেই সময় ছিল ২৫ দশমিক ৯০ বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে ২০২৬ সালের ১৯ অক্টোবর যদি আমরা হিসাব করি, তাহলে বাংলাদেশের ব্যাংকের রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারের মত।”

গত ৯ নভেম্বর সংসদরে চতুর্থ অধিবেশন শুরু হয়। সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সংক্ষিপ্ত এই অধিবেশন বুধবার শেষ হচ্ছে প্রধানমন্ত্রীর সমাপনি বক্তব্যের মধ্য দিয়ে।