সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ ৩ জন সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে
রাজধানীতে মশাল মিছিল ও নাশকতার চেষ্টা চালানোর অভিযোগে বনানী থানায় করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।
সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম হিরুসহ তিনজনকে রাজধানীর বনানী থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
অপর দুজন হলেন- বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের আইন বিষয়ক উপকমিটির এক নম্বর সদস্য ব্যারিস্টার রানা তাজউদ্দিন খান ও কেশবপুর থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বলে প্রসিকিউশন বিভাগের এসআই মাজহারুল ইসলাম জানিয়েছেন।
এর আগে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বারিধারা ডিওএইচএস এলাকা থেকে নজরুল ইসলাম হিরুকে, রানা তাজউদ্দিনকে ভোর ৪টার দিকে গুলশান থেকে এবং মুক্তকে উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ক্যান্টনমেন্ট জোনাল টিমের ইন্সপেক্টর মোহাম্মদ আবুল মতিন আসামিদের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন।
এসময় আসামিদের পক্ষ থেকে জামিন আবেদন করা হয়। তবে মূল নথি না থাকায় জামিনের বিষয়ে শুনানি হয়নি বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জানিয়েছেন। মামলায় অভিযোগ করা হয়, গত ৬ অগাস্ট মধ্যরাতে বনানী থানার ডলফিন ভাস্কর্য ও আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ১০০ থেকে ১২০ জনের একটি দল মশাল মিছিল ও নাশকতার চেষ্টা চালান। তারা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং কারাবন্দিদের মুক্তির দাবিতে স্লোগান দেন। খবর পেয়ে বনানী থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে সাতজনকে আটক করে। অন্যরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে ৭০টি মশাল, একটি ব্যানার ও ৭৭টি ফেইস মাস্ক জব্দ করা হয়। এ ঘটনায় বনানী থানার এস আই সিদ্দিক হোসেন সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেন।
