১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

চাকরি হারালেন পুলিশের ৭ কর্মকর্তা

প্রলয় কুমার জোয়ারদারের বিরুদ্ধে অভিযোগ, ২০২৪ সালের ৬ অগাস্ট থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Nov 2026, 10:45 PM

Updated : 12 Nov 2026, 10:45 PM

কর্মস্থলে না আসা, অসদাচরণ ও পালিয়ে যাওয়ার মতো অভিযোগে অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদারসহ পুলিশের সাত কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আলাদা প্রজ্ঞাপনে তাদের বরখাস্ত করার সিদ্ধান্ত জানায়। এসব কর্মকর্তার মধ্যে একজন পাঁচ বছর আগে গ্রেপ্তারও হন।

চাকরি হারানো বাকি ছয় কর্মকর্তা হলেন, ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মো. নাজমুল ইসলাম, রংপুর সিআইডির সহকারী পুলিশ সুপার সারোয়ার কবীর সোহাগ, ময়মনসিংহ মুক্তাগাছা এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. আরিফুজ্জামান, গাইবান্ধা ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওবায়দুর রহমান এবং সুনামগঞ্জ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামান।

সর্বশেষ গত ৩১ অক্টোবর ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুন উর রশিদসহ আটজন একই ধরনের আদেশে চাকরি খোয়ান।

কার বিরুদ্ধে কী অভিযোগ

প্রলয় কুমার জোয়ারদারের বিরুদ্ধে অভিযোগ, ২০২৪ সালের ৬ অগাস্ট থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। প্রথমে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরবর্তী সময়ে যোগাযোগের চেষ্টা করেও জবাব না মেলায় তাকে চাকরি থেকে বরখাস্ত করার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে।

নাজমুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০২৫ সালের ১৮ থেকে ২২ এপ্রিল ছুটি ভোগ করতে ১৭ এপ্রিল কর্মস্থল ত্যাগ করে আর ফেরেননি। তার বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগ আনা হয়েছে।

রংপুর জেলা সিআইডির সহকারী পুলিশ সুপার সারোয়ার কবীর সোহাগের বিরুদ্ধে অভিযোগ, তিনি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ২০২১ সালের ২৩ অগাস্ট একজন এএসআই ও এক কনস্টেবলকে নিয়ে দিনাজপুরের চিরিরবন্দরে যান। সেখানে লুৎফর রহমান নামে একজনের বাড়িতে গিয়ে তাকে না পেয়ে তার স্ত্রী জহুরা বেগম ও ছেলে জাহাঙ্গীরকে মাইক্রোবাসে তোলেন।

পরে দুই দিন বিভিন্ন স্থানে ঘোরানোর পর একজনের বাসায় আটকে রেখে টাকা দাবি করেন। এ ছাড়া রংপুর কোতোয়ালি থানায় লুৎফর রহমানসহ কয়েকজনের বিরুদ্ধে একটি ভুয়া মামলা করানো হয়। এরপর চিরিরবন্দর থানা পুলিশ জানতে পেরে এ পুলিশ কর্মকর্তাসহ অন্যদের গ্রেপ্তার করে।

এই ঘটনায় পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার অভিযোগ আনা হয়েছে সারোয়ার কবীর সোহাগের বিরুদ্ধে।

সহকারী পুলিশ সুপার আরিফুজ্জামানের ব্যাপারে বলা হয়েছে, ২০২৪ সালের ১৩ অক্টোবর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা বলে কর্মস্থল ছাড়েন। কিন্তু সেখানে তিনি যাননি। এরপর থেকে কর্মস্থলে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয় এবং এরপর চাকরিচ্যুত করা হলো।

অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীমের বিরুদ্ধে অভিযোগ, ছয় দিনের ছুটি নিয়ে ১২ সেপ্টেম্বর গাইবান্ধার কর্মস্থল থেকে বের হন। এরপরে তিনি আর তার কর্মস্থলে যোগ দেননি। দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে গুরুদণ্ড হিসেবে তাকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রজ্ঞাপনে সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওবায়দুর রহমানের ব্যাপারে বলা হয়েছে, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে তাকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করার আদেশ হয় ২০১৬ সালের ২৪ জানুয়ারি। এরপর তিনি তার রংপুরের কার্যালয়ে প্রায় অনুপস্থিত থাকেন। পরের বছর ২৯ মে থেকে তিনি স্থায়ীভাবে অনুপস্থিত থাকেন। যোগাযোগ করার পরও তাকে না পাওয়ায় বিভাগীয় মামলা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামান ২০২৫ সালের ২৯ জানুয়ারি থেকে তার কর্মস্থলে অনুপস্থিত বলে অভিযোগ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, একদিন পর ৩০ জানুয়ারি তার অধস্তন এক কর্মকর্তাকে দায়িত্ব বুঝে নেওয়ার জন্য মেসেজ দেন। পরের দিন ৩১ জানুয়ারি আবার ওই কর্মকর্তাকে মেসেজ দিয়ে অসুস্থ হিসেবে মর্নিং রিপোর্টে লিখে রাখতে বলেন। এরপর থেকে এই কর্মকর্তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। তাকে চাকরিচ্যুত করার কারণ হিসেবে অসদাচরণ ও পলায়নের অভিযোগ আনা হয়েছে।