Published : 14 Jul 2026, 04:23 PM
উত্তর আমেরিকা বিশ্বকাপে, আর্জেন্টিনাকে বলতে গেলে এটাই টানছেন লিওনেল মেসি। দলটির ১৭ গোলের ৮টিই তার করা। ইংল্যান্ড ছুটছে হ্যারি কেইন ও জুড বেলিংহ্যাম জুটির কাঁধে সওয়ার হয়ে। মেসির প্রশংসা করলেও, নিজের দল নিয়ে আত্মবিশ্বাসের কমতি নেই ইংলিশ গোলকিপার জর্ডান পিকফোর্ডের।
চলতি আসরে সর্বোচ্চ গোলদাতার তালিকায়, মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপে ৮টি করে গোল নিয়ে চূড়ায়। তাদের পেছনেই আছেন ইংল্যান্ডের কেইন ও বেলিংহ্যাম, দুজনের নামের পাশে গোল ৬টি করে। কোয়ার্টার-ফাইনালে জোড়া গোলে ইংল্যান্ডের জয়ের নায়ক ছিলেন বেলিংহ্যাম।
মেসি এবারের বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচ গোল পাওয়ার পর, কোয়ার্টার-ফাইনালে পাননি জালের দেখা। ওই ম্যাচে আলো ছড়িয়েছিলেন, আক্রমণভাগের অন্য দুই তারকা হুলিয়ান আলভারেস ও লাউতারো মার্তিনেস। এখন পর্যন্ত মার্তিনেসের গোল ২টি। আলভারেস সুইজারল্যান্ড ম্যাচে খুলেছেন গোলের খাতা।
মেসিকে প্রশংসায় ভাসালেন পিকফোর্ড। ৩২ বছর বয়সী এই ইংলিশ গোলকিপারের দৃষ্টিতে আর্জেন্টাইন তারকা সর্বকালের সেরাদের একজন, কিন্তু নিজেদের সব বিভাগে নির্ভর করার মতো খেলোয়াড় আছে, দৃঢ় কণ্ঠে বললেন তিনি।
“আমি মেসিকে নিয়ে বলব, কেননা সে এই খেলাটির সর্বকালের সেরাদের একজন, কিন্তু আমাদের স্কোয়াডের মান এবং আক্রমণ, রক্ষণে আমাদের যে মেধা আছে, আমাদের যে একতা, সেটাও আপনি উপেক্ষা করতে পারবেন না। তিন বিভাগেই আমাদের মেধাবী খেলোয়াড় আছে এবং বুধবার সবকিছু একত্রিত করে ঝাঁপিয়ে পড়তে হবে।
“আমরা কেবল মেসিকে নিয়েই কথা বলতে পারি না। আর্জেন্টিনা ভালো দল এবং তারা বিশ্ব চ্যাম্পিয়ন। কিন্তু আমাদের দলের এগিয়ে যাওয়ার সামর্থ্য আছে এবং আমাদের রক্ষণ ভাঙা কঠিন।”
দ্বিতীয় সেমি-ফাইনালে ১৬ জুলাই বাংলাদেশ সময় ১টায় (এএম) আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ড। শিরোপা ধরে রাখার অভিযানে ছুটছে আর্জেন্টিনা। ১৯৬৬ সালের পর দ্বিতীয় শিরোপার স্বাদ নিতে মরিয়া ইংল্যান্ড। আর্জেন্টিনা বাধা পার হতে একটা দল হিসেবে খেলার প্রয়োজনীয়তা অনুভব করছেন পিকফোর্ড।
“আমাদের সেই দৃঢ়তা আছে। সেই ঐক্য ও মানসিকতা আছে। এগুলোই আমাদের একটি ভালো দল হিসেবে তৈরি করেছে।”