Published : 13 Jul 2026, 06:22 PM
বিশ্বকাপের সেমি-ফাইনালে ইংল্যান্ডকে নিয়ে আত্মবিশ্বাসের কমতি নেই জো কোলের। সাবেক ইংলিশ মিডফিল্ডারের দৃঢ় বিশ্বাস, আর্জেন্টিনা মহাতারকা লিওনেল মেসিকে নিষ্ক্রিয় করে রেখে ফাইনালে উঠবে টমাস টুখেলের দল।
এবারের বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। আটলান্টায় ১৬ জুলাই ১টায় (এএম) শুরু হবে ম্যাচটি।
সুদীর্ঘ ক্যারিয়ারে এই প্রথম ইংল্যান্ডের মুখোমুখি হবেন মেসি। যেকোনো প্রতিযোগিতায় ২০০৫ সালের পর প্রথম ও বিশ্বকাপে ষষ্ঠবার মুখোমুখি হবে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দল দুটি।
ইংল্যান্ডের আরও সাবেক তিন ফুটবলার গ্যারি লিনেকার, অ্যালান শিয়েরার ও মিকা রিচার্ডসের সঙ্গে নেটফ্লিক্স স্পোর্টস অনুষ্ঠানে কোল বললেন, কীভাবে মেসিকে আটকে রাখবে তার উত্তরসূরিরা।
“বেশ, আমাদের ওকে (মেসি) ঘুম পাড়িয়ে দিতে হবে। আমরা ওকে ঘুম পাড়িয়ে দেব। হ্যাঁ, শতভাগ নিশ্চিত।”
অনুষ্ঠানে থাকা অন্যরা তখন কোলকে থামানোর চেষ্টা করেন। কিন্তু চেলসি ও লিভারপুলের সাবেক এই অ্যাটাকিং মিডফিল্ডার নিজের অবস্থানে অটল থাকেন, “আমি এখনই বলছি: আমরা বিশ্বকাপের ফাইনালে পৌঁছাব।”
রিচার্ডস যদিও জোর দিয়ে বলেন, আর্জেন্টিনাকে বিদায় করতে হলে ইংল্যান্ডকে প্রত্যাশার চেয়ে বেশি ভালো খেলতে হবে এবং অনেক ঘাম ঝরাতে হবে।