Published : 07 Jul 2026, 06:52 PM
আরও বেশি সময় খেলার সুযোগ পাওয়ার আশায় আতলেতিকো মাদ্রিদ ছাড়ছেন থিয়াগো আলমাদা। তাই স্বদেশী ক্লাব রিভার প্লেটে যোগ দিচ্ছেন আর্জেন্টিনার এই বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড।
২৫ বছর বয়সী আলমাদার সঙ্গে চুক্তি করার কথা সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের সূত্র। স্পেনে আলোচনার পর দুই পক্ষ সমঝোতায় পৌঁছেছে।
বিশ্বকাপের পর আনুষ্ঠানিকভাবে আলমাদাকে দলে টানার কথা জানাবে রিভার প্লেট।
২০২২ বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের সদস্য ছিলেন আলমাদা। সেবার স্রেফ একটি ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন তিনি। চলতি বিশ্বকাপেও আর্জেন্টিনা দলে আছেন এই লেফট উইঙ্গার। এখন পর্যন্ত খেলা দলের সবগুলো ম্যাচেই খেলেছেন তিনি।
বোতাফোগো থেকে গত বছর আতলেতিকো মাদ্রিদে যোগ দেন আলমাদা। স্প্যানিশ ক্লাবটিতে খুব বেশি খেলার সুযোগ পাননি তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে, গত মৌসুমে ৪০ ম্যাচে মাঠে মেনেছেন বটে, কিন্তু পুরো সময় মাঠে থাকতে পেরেছেন স্রেফ তিনটিতে। চারটি গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন দুটি।
আলমাদার ঘনিষ্ঠ সূত্র রয়টার্সকে জানিয়েছে, আতলেতিকোয় খেলার পর্যাপ্ত সময় না পাওয়ার কারণেই ইউরোপের ফুটবল ছাড়ছেন এই ফুটবলার।
আর্জেন্টাইন গণমাধ্যমের খবর, আলমাদার রেজিস্ট্রেশন স্বত্বের ৫০ শতাংশের জন্য রিভার প্লেটকে প্রায় ২ কোটি ডলার গুনতে হবে।