১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এবার চট্টগ্রাম বিভাগের বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

দেশের অন্যান্য এলাকায় পরীক্ষা যথারীতি চলবে।

এবার চট্টগ্রাম বিভাগের বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
৪২ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিতে থৈ থৈ বন্দরনগরী চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার শেখ মুজিব সড়ক। ছবি: সুমন বাবু

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2026, 01:37 AM

Updated : 11 Sep 2026, 03:36 PM

তিন জেলার পরীক্ষা স্থগিতের ঘণ্টা তিনেকের মধ্যে এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এ বিভাগের সব জেলায় বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। 

বৈরি আবহাওয়ার কারণে পরীক্ষা স্থগিত করার ঘোষণা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। অন্যান্য শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা চলবে। 

মঙ্গলবার রাত ১টার পর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি যখন এ সিদ্ধান্ত ঘোষণা করে তখন পরীক্ষা শুরুর বাকি মাত্র ৯ ঘণ্টা। 

এর আগে মঙ্গলবার রাত পৌনে ১১টায় চট্টগ্রাম ও রাঙামাটি জেলার এবং রাত পৌনে ১২টায় কক্সবাজার জেলার এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছিল।

রাত ১টার দিকে কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিগুলোতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন এ বিভাগের সব জেলায় বুধবারের এইচএসসি, আলিম এবং এইচএসসি বিএমটি, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়। 

এ পরীক্ষার সূচি পরে জানানো হবে বলে ঘোষণায় তুলে ধরা হয়।

চট্টগ্রাম বিভাগের সব জেলা প্রশাসকের প্রতিবেদনের প্রেক্ষিতে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়ার কথা বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।

চলতি বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হচ্ছে। 

যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতির কথা বিবেচনা করে প্রতিটি বিষয়ে তিন সেট করে প্রশ্ন করা হয়েছে বলে পরীক্ষা শুরুর আগের দিন গত ১ জুলাই সংবাদ সম্মেলনে জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়। এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৭০ হাজার নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেছেন।

আরও পড়ুন

চট্টগ্রাম বিভাগের ৩ জেলায় বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত